উৎসবের মরশুম সদ্য শেষ হয়েছে। এই সময় শুধু আপনি নন, আপনার প্রিয় গৃহকোণও সেজে উঠছে নতুন সাজে। সারা বছরের মালিন্যকে ধুয়ে মুছে সাফ করে কোথাও নতুন করে রঙের প্রলেপ, কোথাও আবার ঘর সাজানোর জিনিস কিনে এনে তার নান্দনিক সংযোজন আপনার ভালো-বাসাকে করে তুলেছে আরও আপন। এবার একটু ভাবুন তো, এই নান্দনিক সংযোজনে যদি সবুজের ছোঁয়া থাকে তাহলে মনের ঠিকানা আরও কতটা প্রাণবন্ত হয়ে উঠতে পারে!
তবে, আজকাল শহুরে যাপনে এত জায়গা কোথায় যে, বাড়িতে বসে সবুজের স্নিগ্ধতা অনুভব করা যাবে? সেক্ষেত্রে মুশকিল আসান ইনডোর প্ল্যান্ট। পছন্দসই ইনডোর প্ল্যান্ট শুধু ঘরের শোভাই বাড়ায় না, বাস্তুমতে কিছু গাছ ঘরে সমৃদ্ধিও নিয়ে আসে। বলা হয়, যেকোনো ধরনের নেতিবাচক প্রভাবকে দূরে সরিয়ে বাড়িতে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে বাড়ির সদস্যদের মনে মানসিক শান্তি নিয়ে আসে ঘরের এইরকম বেশ কিছু সবুজ বন্ধু। পাশাপাশি, আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্যও ঘরে আসে লক্ষ্মীস্বরূপ এই গাছগুলির হাত ধরে। জানতে ইচ্ছা করছে, কোন কোন গাছ নিয়ে এলে আপনার ঘর সমৃদ্ধিতে আরও পূর্ণ হয়ে উঠবে? জেনে নিন একনজরে।
১. মানি প্ল্যান্ট
কথায় বলে ঘরে থাকা মানি প্ল্যান্টের পাতা যত বড়ো হবে, সতেজ থাকবে ততই সংসারের শ্রীবৃদ্ধি হবে। মাটি এবং জল উভয় মাধ্যমেই এই গাছ বড়ো হতে পারে। তবে জলে রাখলে সাত থেকে দশ দিন পর পর জল বদলে পাত্রটিকে পরিষ্কার করতে হবে। আর মাটিতে থাকলে খুব বেশি জল না দিলেও এই গাছ বেশ সতেজ থাকে।
বাস্তুমতে ঘরের উত্তর বা পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখা উচিত। খুব বেশি যত্ন ছাড়াই এই গাছ বয়ে আনতে পারে আপনার সংসারের সৌভাগ্য।
২. জেড প্ল্যান্ট
ছোটো ছোটো গোলাকার পাতার এই গাছ ঘরে বা অফিসের প্রবেশদ্বারের কাছে রাখলে আর্থিক সৌভাগ্য ত্বরান্বিত হয়। পাতায় জল জমিয়ে রাখা এই গাছের বিশেষ বৈশিষ্ট্য, তাই অত্যন্ত অল্প জলেই জেড প্ল্যান্ট ভালো থাকে। তবে, একটু রোদ এই গাছের স্বাস্থ্য ভালো রাখে বলে জানলায় বা যেখানে রোদ আসে এরকম কোনো জায়গায় এই গাছ রাখা ভালো।
৩. স্নেক প্ল্যান্ট
বাতাস থেকে ক্ষতিকর টক্সিন টেনে বের করে, ঘরকে দূষণমুক্ত করতে এই গাছের জুড়ি মেলা ভার। অত্যন্ত শক্তপোক্ত এই গাছ কম জল এবং কম আলোতেও বহু বছর ভালো থাকে। ইতিবাচক শক্তির প্রবাহকে বাড়িয়ে এই গাছ আপনার মনকেও করে তুলতে পারে সবুজ।
মাসে এক থেকে দু’বার জল দেওয়াই স্নেক প্ল্যান্টের জন্য যথেষ্ট। শীতকালে জলের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন।
৪. লাকি বাম্বু
অনেক বাড়ির টেবিলে ছোটো কাচের পাত্রে ছোটো ছোটো বাঁশ গাছ দেখলে মন ভালো হয়ে যেতে বাধ্য। এই ছোটো ছোটো বাঁশগাছগুলোই লাকি বাম্বু। এই গাছের নামেই ‘লাক’ তাই সে বাড়ির সদস্যদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলেই প্রচলিত বিশ্বাস। বাস্তুমতে, ঘরের উত্তর বা পূর্ব দিকে লাকি বাম্বু রাখলে পরিবার আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়ে ওঠে।
সরাসরি সূর্যের আলো এই গাছের জন্য প্রয়োজন হয় না। তাই কম আলো ঢোকে এমন ঘরেও এই গাছ রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কাচের পাত্রে ১-২ ইঞ্চি পরিষ্কার জল দিয়ে লাকি বাম্বু রাখতে পারেন। তবে পাত্রের জলের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আয়রন এবং ক্লোরিনমুক্ত ফিল্টারের জল এই গাছের জন্য সবচেয়ে উপযোগী।
৫. পিস লিলি
ঘরের মধ্যে ছোট্ট সাদা ফুল ফোটানো এই গাছটি যেমন মানসিক শান্তি আনে তেমনই বাতাস থেকে ক্ষতিকর টক্সিন দূর করে ঘরের পরিবেশকে বিশুদ্ধ রাখে পিস লিলি। বলা হয়, এই গাছ শোওয়ার ঘরে রাখলে ঘরের পরিবেশ শান্ত থাকে, ঘুম ভালো হয়। ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ রাখা অত্যন্ত শুভ।
তবে পিস লিলি গাছের জন্য এমন মাটির প্রয়োজন যা জল ধরে রাখতে পারে কিন্তু কাদা হবে না। আর পরোক্ষ আলো পছন্দ করে বলে পর্দার আড়াল দিয়ে যেখানে আলো আসে সেরকম জায়গায় রাখলে এই গাছে ভালো ফুল ফোটে।
কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে গাছের জুড়ি মেলা ভার। আপনি বাস্তু শাস্ত্র মানুন বা নাই মানুন ঘরের সৌন্দর্যায়ন এবং নিজেকে ভালো রাখতে অনলাইনে বা বিভিন্ন নার্সারি থেকে কিনে আপনার ঘরের সদস্য করে নিতেই পারেন এই সবুজ বন্ধুদের। আর, এই বন্ধুরাই খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্যের, বৃদ্ধি করবে আপনার সম্পদ।
প্রদীপ্তা কুণ্ডু



