নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কেউ শিক্ষক, ডাক্তার, নার্স কেউ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, রেলকর্মী, ব্যবসায়ী বা সাধারণ গৃহবধূ। নিজেদের পেশার বাইরে বেরিয়ে সকলে মিলে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ লাগান ও উপহার দেন। রবিবার বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে গাছের সাথে সখ্য গ্রুপ মিট হল। প্রায় ১০০জন সদস্য শামিল হন।
গ্রুপ অ্যাডমিন ভাতারের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ হারুন আলি বলেন, আমাদের গ্রুপে বিভিন্ন পেশার প্রায় ২৮হাজার সদস্য রয়েছেন। আমরা সারা বছর নানা ধরনের দামী ও দুষ্প্রাপ্য গাছ নিজেরা তৈরি করে উপহার দিই। বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগাই। সবাইকে গাছ লাগাতে সচেতন করি। যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে তাতে শুধু নিজেদের বাগান বা বারান্দা সাজানো নয়, আগামী দিনে আরও বেশি করে বৃক্ষজাতীয় গাছ লাগানো দরকার। তার সঙ্গে সবুজ রক্ষা করতে হবে। গাছ কাটা বন্ধ করতে হবে। আমরা প্রচুর ফল ও ফুলের গাছ উপহার দিলাম। আগামী দিনেও কিছু প্রতিষ্ঠানে গিয়ে গাছ লাগাতে চাই। এবার গ্রুপের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক বিশ্বজিৎ ঘোষ ও শিক্ষিকা কাজল বর্মনকে সংবর্ধনা দেওয়া হল। গ্রুপের পক্ষে সুদত্তা সামন্ত, বিশ্বনাথ দাস ও বিদ্যুৎ কুণ্ডু বলেন, গাছ উপহার দেওয়াই আমাদের আনন্দ। গ্রুপ মিটে এসে সকলে হাসিমুখে ব্যাগভর্তি ফল ও ফুলের গাছ নিয়ে বাড়ি গেলেন। গত ১৩জুলাই এর আগের গ্রুপ মিটে বহুরূপী শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় সকলকে একটি করে আমগাছের চারা উপহার দিয়েছেন। আগামী দিনে বিপ্লবী রাসবিহারী বসুর গ্রামে ও দামোদর সংলগ্ন এলাকায় কিছু গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান গ্রুপের সদস্যরা।-নিজস্ব চিত্র