Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটোয় ভেঙে পড়ল গাছ, ট্রাফিক সিগন্যাল পোস্ট ভেঙে জখম মহিলা

ঝড়বৃষ্টির জেরে আংশিক ব্যাহত জনজীবন। শিরাকোলে জাতীয় সড়কে টোটোর উপর গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পেলেন চালক।

টোটোয় ভেঙে পড়ল গাছ, ট্রাফিক সিগন্যাল পোস্ট ভেঙে জখম মহিলা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: ঝড়বৃষ্টির জেরে আংশিক ব্যাহত জনজীবন। শিরাকোলে জাতীয় সড়কে টোটোর উপর গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পেলেন চালক। বারুইপুর রেলগেটের কাছে ট্রাফিক সিগন্যালের পোস্ট মাথায় পড়ে আহত হলেন এক মহিলা যাত্রী। কলকাতার এক্সাইড মোড়ে গাছ ভেঙে পড়ে জখম হয়েছেন এক ব্যক্তি।

Advertisement

শুক্রবার সকালে ১১৭ নম্বর জাতীয় সড়কে গাছ ভেঙে পড়লে অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ডহারবার ও আমতলা যাওয়ার রাস্তা। টোটোচালক আটকে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। তাঁর খুব বেশি আঘাত লাগেনি। টোটো দুমড়েমুচড়ে গিয়েছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে স্তব্ধ ছিল যান চলাচল। কিছু গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। চরম দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। ডায়মন্ডহারবার পুলিশ জেলার ট্রাফিক বিভাগ ডালপালা কেটে যান চালু করে।
এদিকে, বারুইপুরে ট্রাফিক পোস্ট ভেঙে পড়ার ফলে মাথা ফেটে যায় ওই মহিলার। তিনি একটি বাইকে সওয়ার ছিলেন। পুলিশ জানিয়েছে, রাস্তার ডানদিকে থাকা পোস্টটি মাটি থেকে আলগা হয়ে রাস্তার পাশে যাওয়া একটি অটো ও বাইকে থাকা মহিলার মাথার উপরে পড়ে। অটোর কাচ ভেঙে যায়। ওই মহিলা রাস্তায় পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যান। দ্রুত তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত মহিলার নাম শর্মিষ্ঠা মণ্ডল নস্কর। বাড়ি জয়নগরে। এক আত্মীয়র সঙ্গে বাইকে করে বারুইপুর আদালতে আসছিলেন। মাথায় হেলমেট ছিল না মহিলার।
এদিকে, শুক্রবার বিকালে বৃষ্টির মধ্যে কলকাতার এক্সাইড মোড়ে গাছ ভেঙে পড়ে জখম হয়েছেন এক ব্যক্তি। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি, গোখেল রোডেও গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায়। কলকাতা পুলিশের ডিএমজি টিম গাছ কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে। জোড়া গাছ ভাঙার ঘটনায় ৪টি বাইক, দুটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ওই তল্লাটে তীব্র যানজট তৈরি হয়েছে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ