Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ট্রাভিস-স্মিথের দুরন্ত সেঞ্চুরি, সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া

জো রুটের সেঞ্চুরির পাল্টা দিলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। জোড়া শতরানে ভর করে অ্যাসেজের পঞ্চম টেস্টে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া।

ট্রাভিস-স্মিথের দুরন্ত সেঞ্চুরি, সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিডনি: জো রুটের সেঞ্চুরির পাল্টা দিলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। জোড়া শতরানে ভর করে অ্যাসেজের পঞ্চম টেস্টে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। সিডনিতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে তৃতীয় দিনের শেষে অজিদের সংগ্রহ ৭ উইকেটে ৫১৮। ২৪টি চার ও ১টি ছক্কা সহ ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন হেড। তবে ১৫টি চার ও ১টি ছক্কা সহ ২০৫ বলে ১২৯ রানে ক্রিজে রয়েছেন স্মিথ। তাঁর সঙ্গী বিউ ওয়েবস্টার (ব্যাটিং ৪২)। আপাতত অস্ট্রেলিয়ার ঝুলিতে লিড ১৩৪ রানের। বুধবার যতটা সম্ভব ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দেওয়াই লক্ষ্য থাকবে স্মিথদের।

Advertisement

এদিন শতরান করে একাধিক কীর্তিও গড়েছেন স্মিথ। অ্যাসেজে সবচেয়ে সেঞ্চুরি (১৩টি) ও রানের (৩,৬৮২) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তারকা ব্যাটার। দু’জায়গাতেই শীর্ষে আছেন স্যর ডন ব্র্যাডম্যান (১৯টি শতরান এবং ৫ হাজার ২৮ রান)। উল্লেখ্য, স্কোরবোর্ডে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৯১ রানে ব্যাট করছিলেন হেড। দিনের ষষ্ঠ ওভারেই তিন অঙ্কের ঘরে পৌঁছান বাঁ হাতি ওপেনার। নিসার (২৪) আউট হওয়ার পর স্মিথের সঙ্গেও ৫০ রানের বেশি জুটি গড়েন হেড। এই পর্বে দু’বার জীবনদানও পান তিনি। শেষ পর্যন্ত হেডকে ফেরান বেথেল। তারপর বিদায়ী টেস্টে ব্যাট করতে নামেন উসমান খাওয়াজা। বাঁ হাতি ব্যাটারকে করতালি দিয়ে অভ্যর্থনা জানান দর্শকরা। তবে অবসর টেস্টে খাওয়াজার ব্যাট থেকে ১৭ রানের বেশি আসেনি। স্মিথের সঙ্গে তাঁর জুটিতে আসে ৫১ রান। খাওয়াজার মাঠ ছাড়ার সময়ও উঠে দাঁড়িয়ে দর্শকরা করতালি দেন। অ্যালেক্স কেরি (১৬) অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকেননি। তবে ক্যামেরন গ্রিন ৩৭ রানের মূল্যবান ক্যামিও খেলেন। এরপর দিনের বাকি সময়ে ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে কাটিয়ে দেন স্মিথ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ