নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুকুরের মাটি কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। ফলে বেহাল হয়ে পড়েছে রাস্তা। বর্ষায় সেই রাস্তা দিয়ে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে ঝালদা-২ ব্লকের গুড়িডি, চিতমু, তাহেরবেড়া, কাঁশিডি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। এটাই বাসিন্দাদের অন্যতম যাতায়াতের রাস্তা। চাষিরা এই রাস্তা দিয়ে সহজেই ঝাড়খণ্ডের জেনামোড়, বোকারোয় চাষের সামগ্রী নিয়ে পৌঁছতে পারেন, তেমনই আবার গুড়িডির বাসিন্দারা সহজেই পুন্দাগ কিংবা কোটশিলা পৌঁছতে পারেন। কিন্তু, মাত্র ৪০০ মিটার রাস্তার অবস্থা বেহাল থাকার জন্য বাসিন্দারা ব্যাপক সমস্যায় পড়েছেন। বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিতমু থেকে গুড়িডি, বাঁশগড় হয়ে ঝাড়খণ্ড চলে যাচ্ছে। কিন্তু, মাত্র ৪০০মিটার অংশের জন্য এই রাস্তা দিয়ে চলাফেরা করা দায় হয়ে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, গত মার্চ-এপ্রিল নাগাদ চিতমুতে ওই রাস্তার পাশে থাকা বড়বাঁধের সংস্কার করা হয়। সংস্কারের পর সেই মাটি কেটে রাস্তার উপরেই ফেলা হয়। বৃষ্টির জেরে কাদা হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত কঠিন হয়ে দাঁড়িয়েছে। হেঁটে গেলে এক হাঁটু কাদা! গাড়ি নিয়ে তো যাতায়াত করাই যাচ্ছে না।



