Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর সময় রাখতে হবে প্রবীণ নাগরিকদের যাতায়াতের ব্যবস্থা, সমন্বয় বৈঠকে বার্তা বিধাননগর পুলিশের

দোরগোড়ায় এসে হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মণ্ডপে মণ্ডপে চূড়ান্ত ব্যস্ততা

পুজোর সময় রাখতে হবে প্রবীণ নাগরিকদের যাতায়াতের ব্যবস্থা, সমন্বয় বৈঠকে বার্তা বিধাননগর পুলিশের
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দোরগোড়ায় এসে হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মণ্ডপে মণ্ডপে চূড়ান্ত ব্যস্ততা। পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন থানা এলাকায় কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় বৈঠক শুরু করেছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যে একাধিক থানা এলাকায় বৈঠক হয়েও গিয়েছে। কমিশনারেট সূত্রে খবর, এবার প্রত্যেক কমিটিকে জানিয়ে দেওয়া হচ্ছে, পুজোয় ডিজে সাউন্ডবক্স বাজানো যাবে না। মণ্ডপের আশপাশে থাকা প্রবীণ নাগরিকরা পুজোর সময় যাতে অবাধে যাতায়াত করতে পারেন, তার জন্য রাস্তা রাখতে হবে। রাস্তা বন্ধ করে আবাসিকদের সমস্যা করা চলবে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর পুজোর আগে প্রতিটি থানা এলাকায় পৃথক পৃথক সমন্বয় বৈঠক করা হয়। সেখানে কমিটির কর্তাদের পুলিশ-প্রশাসনের গাইডলাইন জানিয়ে দেওয়া হয়। শেষে কমিশনারেটের পক্ষ থেকে একটি কেন্দ্রীয় সমন্বয় বৈঠক করা হয়। এখন থানাভিত্তিক বৈঠক চলছে। সল্টলেক, লেকটাউন, নিউটাউন থেকে এয়ারপোর্ট— সর্বত্র চলছে বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই ঘোষণা করেছেন, ডিজে বাজানো চলবে না। তাই পুজোর জেনারেল গাইডলাইনের সঙ্গে এবার এই বিষয়টিতে বাড়তি জোর দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, ‘এর আগে পুজোর সময় লেকটাউন এলাকায় ডিজে বাজানোর অভিযোগ এসেছে।’ পুজোর সময় আবাসিকদের যাতায়াতে বড়ো সমস্যা তৈরি হয়। বিশেষ করে রাস্তা বন্ধ থাকলে প্রবীণ নাগরিকদের যাতায়াতে বেশি সমস্যা হয়। তাঁরা ঘুরপথে বা বাঁশ টপকে যাতায়াত করতে পারেন না। তাই এবার সব কমিটিকেই জানানো হচ্ছে, মণ্ডপের আশপাশে বসবাসকারী প্রবীণ নাগরিকদের যাতায়াতের রাস্তা রাখতে হবে। কোনোভাবেই বন্ধ করা চলবে না রাস্তা। বেশ কয়েকটি সমন্বয় বৈঠকে প্রবীণ নাগরিকদেরও ডাকা হয়েছিল। তাঁরাই নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ