Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিবহণ কর্মীরা গাড়ির পিছনে বিজেপি বিরোধী ব্যানার লাগিয়ে প্রচারে নেমেছেন

‘বাংলা ও বাঙালি বিদ্বেষী বিজেপিকে ভোট নয়’— এই  পোস্টারে, ব্যানারে ছয়লাপ হয়ে গিয়েছে চৈতন্যভূমি নবদ্বীপ। টোটোয়, রিকশয় এমন ব্যানার ঝুলছে।

পরিবহণ কর্মীরা গাড়ির পিছনে বিজেপি বিরোধী ব্যানার লাগিয়ে প্রচারে নেমেছেন
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: ‘বাংলা ও বাঙালি বিদ্বেষী বিজেপিকে ভোট নয়’— এই  পোস্টারে, ব্যানারে ছয়লাপ হয়ে গিয়েছে চৈতন্যভূমি নবদ্বীপ। টোটোয়, রিকশয় এমন ব্যানার ঝুলছে। চালকরা স্বতপ্রণোদিতভাবে এই প্রচার চালাচ্ছেন। উদ্দেশ্য একটাই, বিজেপির বাঙালি বিদ্বেষী ভাবমূর্তি সম্পর্কে নবদ্বীপবাসী তো বটেই, সেইসঙ্গে আগত পুণ্যার্থীদের অবগত করা। বাস শ্রমিকরাও যাত্রী সাধারণের কাছে একই স্লোগান তুলে ধরছেন। যা নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। তাঁদের অবশ্য দাবি, এর পিছনে শাসকদল তৃণমূলের মদত রয়েছে। তৃণমূলও এই দাবিকে অগ্রাহ্য করেনি। তাদের বক্তব্য, টোটো ও রিকশ চালকরা নিজেরাই প্রচার করেছেন।

Advertisement

নদীয়া জেলার বহু মানুষ ভিন রাজ্যে যান রুটিরুজির তাগিদে। সেখানে গিয়ে তাঁদের নির্যাতিত হতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে মার খেতে হচ্ছে। অন্যান্য জেলার পরিযায়ী শ্রমিকরাও বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্যাতনের শিকার। এমন নিন্দনীয় ঘটনা নবদ্বীপে পরিবহণ শ্রমিকরা মানতে পারেননি। 
নবদ্বীপ শহর তৃণমূল শ্রমিক কংগ্রেস সভাপতি ভানু সাহা বলেন, টোটো ও রিকশ চালকরা ফ্লেক্স, ব্যানার ও স্টিকারের মাধ্যমে প্রচার শুরু করেছেন। আমরা তাঁদের সহযোগিতা করছি। এছাড়াও বাসে, গাড়িতে স্থানীয় এবং বাইরে থেকে যে সব প্যাসেঞ্জার আসছেন চৈতন্যভূমে, তাঁদের সঙ্গে কথা বলছে। স্টেশন ও তার আশপাশের এলাকার হাজারের বেশি গাড়িতে এই ভাবে প্রচার শুরু করেছি। শহরের  পোড়ামাতলা, বড়াল ঘাট, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন, মণিপুর, কোলেরডাঙা, প্রাচীন মায়াপুর সহ বিভিন্ন এলাকার টোটোর মাধ্যমে এই ভাবে প্রচার করা চলছে। নবদ্বীপে এই মুহূর্তে প্রচুর টোটো ও রিকশ চলে। তীর্থভূমির পরিবহণের অন্যতম মাধ্যম টোটো। বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন। ফলে, নবদ্বীপের বাইরেও এই প্রচার প্রভাব ফেলবে।
রিকশ ও টোটো চালকদের একটা বড় অংশ তৃণমূলের ছত্রছায়ায় রয়েছেন। নেতৃত্বের নির্দেশ পেয়ে তাঁরা প্রচারের কাজে নিজেদের গাড়িকেই ব্যবহার করছেন। পিছনে টাঙানো ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রার্থী পুণ্ডরীকাক্ষ (নন্দ) সাহার ছবি সম্বলিত ভোট দেওয়ার আবেদন। তাতে লেখা ‘নবদ্বীপে স্থায়ী শান্তির স্বার্থে নন্দ সাহাকে ভোট দিন।’ তুলে ধরা হয়েছে তৃণমূল সরকারের নানান উন্নয়নমূলক কাজের খতিয়ান। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কথাও। জ্বালানি,পেট্রপণ্য, জ্বালানি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলছে তৃণমূল শ্রমিক সংগঠন। 
আইএনটিটিইউসি নদীয়া জেলা বাস পরিবহণ কর্মী ইউনিয়নের সম্পাদক সুজিত সরকার বলেন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে রাজ্যের প্রতিটি বিধানসভার তৃণমূলের প্রার্থীদের জয়ী করার জন্য আমরা দূরপাল্লার গাড়িগুলিতেও প্রচারে শামিল হওয়ার কথা ভাবছি। গত পাঁচবারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা বলেন, শ্রমিক ভাইরা প্রচার করছেন। গাড়িতে ‘মা মাটি মানুষ’ সরকারের পক্ষে প্রতিটি প্রার্থীকে জয়ী করার জন্য আবেদন জানানোর কথা বলা হয়েছে, তা শুনে ভালো লাগছে। 
সিআইটিইউ নবদ্বীপ সমন্বয় কমিটির সভাপতি গৌর দাস বলেন, টোটো শ্রমিক ইউনিয়ন আমাদেরও আছে, ওদেরও আছে। ওদের মতাদর্শে যারা বিশ্বাসী তারা টোটোর পেছনে ওদের  ব্যানার লাগিয়ে ওদের প্রচার করতেই পারে। সিআইটিইউর পক্ষ থেকে আগামী ১১ এপ্রিল টোটো শ্রমিকরা আমাদের প্রার্থী স্বর্ণেন্দু সিংহের সমর্থনে নবদ্বীপ শহরে প্রচারে বেরোবে। 

সম্পর্কিত সংবাদ