নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহন্নলাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের থেকে ফাইন এবং দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর আদায়ের কাজে তাঁদের নিযুক্ত করার পরিকল্পনা নিচ্ছে নবান্ন। এই কাজের জন্য তাঁদেরকে সাম্মানিকও দেওয়া হবে রাজ্যের তরফে। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। ইতিমধ্যে তেলেঙ্গানা, উড়িশা, গুজরাত ও উত্তরপ্রদেশের মতো রাজ্যের বিভিন্ন পুরসভায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের বাস্তবায়ন নিয়ে বুধবার ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন পুর ও নগরোন্নয়ন দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর, পুলিশ প্রশাসন আধিকারিকরা। ট্রান্সজেন্ডার বোর্ড এবং সমাজকল্যাণ দপ্তর সম্ভাব্য কর্মীদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। অন্যদিকে, তাঁদের কাজের প্রশিক্ষণ দেবে পুলিশ। সম্পত্তি কর আদায় সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবে পুরদপ্তর। পরিকল্পনা অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরবাইক চালানো, একই বাইকে তিনজনের যাতায়াত-সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নজরদারির দায়িত্ব দেওয়া হতে পারে তাঁদের। পাশাপাশি, বিভিন্ন পুরসভা এলাকায় দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা সম্পত্তি কর এবং তার জরিমানা আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে কলকাতা, হাওড়া, বিধাননগরের মতো বড়ো পুরসভা এলাকায় এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে।



