নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক বদলির আবেদন কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, সেই সময়সীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষাদপ্তর। বদলির অনলাইন পোর্টাল উৎসশ্রীতে তা দেওয়াও রয়েছে। তবে, সেই সময়সীমা দপ্তরেরই অধীন আধিকারিক এবং স্বশাসিত সংস্থাগুলি অগ্রাহ্য করছে বলে অভিযোগ। বিভিন্ন শিক্ষক সংগঠনের অভিযোগ, এই কারণেই দীর্ঘদিন আগে বদলির আবেদন করা হলেও একজন শিক্ষকও এর সুফল পাননি।
ঠিক কী বলা হয়েছে নির্ধারিত সময়সীমা নিয়ে? একজন শিক্ষক বদলির আবেদন করার পরে প্রধান শিক্ষকের কাছে যাবে। কোনো কারণে সেই আবেদন খারিজ বা সংশোধন করার থাকলে সংশ্লিষ্ট শিক্ষককে তা লিখিতভাবে জানাবেন প্রধান শিক্ষক। আর কোনো সমস্যা না থাকলে ডিআইয়ের কাছে তা ফরওয়ার্ড করবেন তিনি। ডিআই অফিস তা দেখে পাঠিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বা প্রাথমিক শিক্ষা পর্ষদে (প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে)। আবেদনের পরে প্রধান শিক্ষকের কাছ থেকে ডিআই অফিস ঘুরে এসএসসি বা পর্ষদের কাছে পৌঁছনোর জন্য ১৪ দিন সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে। আবেদন পাওয়ার পরে এসএসসি ২১ দিন সময় পাবে সেটি নিষ্পত্তির জন্য। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ সাতদিনের মধ্যে বদলি কার্যকর করতে বাধ্য। অন্যদিকে, এসএসসি সেই আবেদন মধ্যশিক্ষা পর্ষদকে পাঠালে তারা একদিনের মধ্যে বদলির অর্ডার জারি করতে বাধ্য।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শিক্ষাদপ্তর নির্দিষ্ট সময়সীমার মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করছে না। তারা নিজেদের দেওয়া সময়সীমাই অগ্রাহ্য করছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির আবেদন মাসের পর মাস পোর্টালে পড়ে রয়েছে। আমরা শিক্ষামন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত বদলি কার্যকর করার জন্য আবেদন জানিয়েছি।



