নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা পথে যাত্রী পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে। এই মুহূর্তে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া রুটে বিক্ষিপ্তভাবে পরিষেবা চালু রয়েছে। এতদিন সল্টলেক সেক্টর ফাইভ গামী মেট্রো পরিষেবা ‘পূর্বমুখী’ ও হাওড়া ময়দানগামী পরিষেবা ‘পশ্চিমমুখী’ হিসেবে যাত্রীদের কাছে পরিচিত ছিল। এবার সরকারিভাবে সেই নামের আমূল পরিবর্তন হতে চলেছে। লোকাল ট্রেনের কায়দায় ‘আপ’ ও ‘ডাউন’ হিসেবে তা পরিচিত হবে। এই নামেই গোটা রুটে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো রেক ‘আপ’ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী রেক ‘ডাউন’ হিসেবে উল্লেখ থাকবে। রেলের তরফে ২১ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে। অন্যদিকে আগামী রবিবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড রুটের অসম্পূর্ণ অংশের চূড়ান্ত পরিদর্শন করবেন কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)। সেই সূত্রে আগামী শনি, রবি ও সোম টানা তিনদিন ইস্ট-ওয়েস্ট জোড়া রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই গোটা অংশে নয়া সফ্টওয়্যার লোড করে প্রস্তুত রাখা হবে ছ’টি রেক।
যাত্রী পরিষেবা চালুর অন্যতম শর্ত হল অগ্নিসুরক্ষা। ইতিমধ্যেই এই অংশের জন্য সে ছাড়পত্র পেয়ে গিয়েছে রেল। পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের তরফে এদিন ক্ষতিগ্রস্ত টানেলের বিপজ্জনক অংশে যাত্রীবোঝাই মেট্রো চালানোর অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সল্টলেক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে হাওড়া ময়দান যাওয়ার কথা ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর। পরবর্তী সময় তাতে বদল এনে বউবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এই কাজের সময় ২০১৯ সালে ঘটে যায় চরম বিপর্যয়। মাটির তলা দিয়ে মেট্রো টানেলে জল ঢুকে গোটা প্রকল্প হয়ে পড়ে অনিশ্চিত। তারপর ২০২২ সালে ফের দু’বার বউবাজারের ওই অংশে জল ঢুকে পড়ে। সেই অভিশপ্ত স্মৃতি ভুলিয়ে দিয়ে টানেল মেরামত করে মজবুত করে তোলেন কেএমআরসিএল এবং নির্মাণকারী সংস্থা আইটিডি সিমেনট্রেশনের দক্ষ ইঞ্জিনিয়াররা। তাঁদের দাবি, ১২০ বছরের জন্য টানেল প্রস্তুত। কার্যত অসম্ভব কাজ সম্ভব করে তুলে বিশ্বের মেট্রো পরিবহণে নয়া দিগন্ত উন্মোচন করেন একদল বাঙালি ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, সিআরএস পরিদর্শন করে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই যাত্রী চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে এই লাইন। যেখানে ১২ থেকে ১৫ মিনিট অন্তর বৃহত্তর কল্লোলিনীর পূর্ব-পশ্চিম অংশজুড়ে যাতায়াতের জন্য মেট্রো পরিষেবা মিলবে। এখন দেখার রেল বোর্ডের তরফে সেই দিনক্ষণ কবে ধার্য করা হয়।