অসমে লাইনচ্যুত ট্রেন, চালককেই দুষল রেল, কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন রাস্তায়
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বুধবার সকাল ৬ টা ৫৪। যাত্রীরা প্রায় সকলেই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বিকট শব্দ। কেঁপে উঠল ট্রেন। যথারীতি আতঙ্ক ছড়াল। কিন্তু ট্রেন তো থামেনি! ওই অবস্থাতেই কয়েকজন দরজা খোলার চেষ্টা করলেন। লাভ হল না কিছুই। প্রায় ১০ মিনিটের উৎকণ্ঠার পর শেষ পর্যন্ত থামল ট্রেন। তখনও কিছু বুঝতে পারেননি যাত্রীরা। পরে ট্রেনের ম্যানেজার এসে জানালেন, গাড়ি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন কলকাতা-সাইরাং এক্সপ্রেসের যাত্রীরা।  অসমের গুয়াহাটির কাছে দিগারু স্টেশনের অদূরে লাইনচ্যুত হয় ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তী ছবিতেও দেখা গিয়েছে, ট্রেনটি লুপ লাইনে না থেমে সামনে এগিয়ে গিয়েছে। গতি কম হলেও ট্রেনের ধাক্কাতেই লুপ লাইনে থাকা বাফার ভেঙে যায়। এবং বিকট শব্দ হয়। ট্রেনের ইঞ্জিন লাইন থেকে পাশের রাস্তায় নেমে যায়। সামনের দিকের কামরাগুলিও এই দুর্ঘটনার অভিঘাতে লাইনচ্যুত হয়।

Advertisement

ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রেনের প্যান্ট্রি কারের এক ম্যানেজার জানান, ‘ভোর ৫টার দিকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গুয়াহাটিতে ট্রেন কিছুক্ষণের জন্য থেমেছিল। এরপর দিগারু স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনের গতি কিছুটা কমে যায়। প্ল্যাটফর্ম পার করার সময়ও বিকট শব্দ শোনা যায়। আর তখনই আমরা সিট থেকে পড়ে যাই। ঠিক কয়েক মিনিট পরেই বুঝতে পারি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গিয়েছে।’ তাঁর দাবি, লাইনচ্যুত অবস্থাতেও প্রায় এক কিলোমিটার চলেছে ট্রেনটি। 
ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ১৩১২৫ নম্বর ট্রেনটি কলকাতা স্টেশন থেকে মঙ্গলবার মিজোরামের সাইরাংয়ের উদ্দেশে রওনা দেয়। বুধবার সকালে জনশতাব্দী এক্সপ্রেসকে পাস দেওয়ার জন্য, ট্রেনটিকে দিগারু রেলওয়ে স্টেশনের লুপলাইনে থামার কথা ছিল। কিন্তু ট্রেনটি সময়মতো থামতে না পারায় এর সামনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে ভাগ্য ভালো ট্রেনটির গতি কম ছিল। চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য যাত্রীদের নিরাপদে সাইরাংয়ে পৌঁছে দিতে গুয়াহাটি থেকে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলের তরফেও ঘটনার দায় লোকো পাইলটের ঘাড়ে ঠেলে বলা হয়েছে, চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। সেই কারণে দুর্ঘটনা। তবে এও জানানো হয়েছে, সংশ্লিষ্ট লোকোমোটিভ বা ইঞ্জিনটির কোডাল লাইফ পেরিয়ে গিয়েছিল। অর্থাৎ, সেটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন ছিল। সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি। সেই কারণে ব্রেক ফেলের মতো বিষয় ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার আগের মুহূর্তে লোকো পাইলটের কেবিনের একটি ৪৫ সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে চালককে শশব্যস্ত হয়ে ট্রেন থামানোর চেষ্টা করতে দেখা গিয়েছে। সেইসঙ্গে তিনি বলছেন, ‘সিগন্যাল রেড, ইমার্জেন্সি ব্রেক দেওয়া হয়েছে, কাজ করছে না। ব্রেক পাইপ কাজ করছে না, প্রেসার কমছে না।’ কেবিনে রেকর্ড হওয়া ভিডিয়োতে বাফার ভাঙার শব্দও শোনা গিয়েছে।
এদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার রেলমন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সমাজমাধ্যমে তিনি জানান, দুর্ঘটনায় চার জন সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয়েছে। তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।