নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মা উড়ালপুলের মত বারাকপুর শিল্পাঞ্চলের কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বি টি রোডের ধারে চীনা মাঞ্জা ব্যবহার বন্ধে পদক্ষেপ বারাকপুর পুলিস কমিশনারেটের। ট্রাফিক পুলিস এ নিয়ে শুরু করল প্রচার অভিযান। বারাকপুর চিড়িয়ামোড় সহ গুরুত্বপূর্ণ রাস্তার পাশে বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত ব্যানার দেওয়া হয়েছে। হালিশহর এবং কাঁপা ট্রাফিক গার্ডে মাইকিং করে সচেতন করার কাজ চলছে।
কর্মসূচিতে উপস্থিত থাকছেন ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ সহ ট্রাফিক পুলিসের আধিকারিকরা। ডিসি বলেন, ‘চীনা মাঞ্জা বিপজ্জনক। দুর্ঘটনা ঘটছে। বিশ্বকর্মা পুজোয় অনেকে ঘুড়ি ওড়ান। আগে থেকে সতর্কতা অবলম্বন করছি। চীনা মাঞ্জা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখা যাচ্ছে অনেক পাখির ডানা বা পা কাটার ঘটনা ঘটছে। এর অন্যতম কারণ চীনা মাঞ্জা।’ প্রসঙ্গত, মা উড়ালপুলে একাধিক দুর্ঘটনা ঘটেছে এই মাঞ্জার জন্য। মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই মা এবং বাগুইআটি উড়ালপুলে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিস। দু’দিকে ফেন্সিং দেওয়া হয়েছে। সে ঘটনা বারাকপুর শিল্পাঞ্চলে আটকাতে পুলিস আগে থেকেই ব্যবস্থা নেওয়া শুরু করল। চীনা মাঞ্জা বিক্রি করলে বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিস।