লন্ডন: মাঝরাস্তায় আটকে টিম বাস। অগত্যা ক্রিকেটাররা মাঠে পৌঁছলেন সাইকেল চালিয়ে। মঙ্গলবার ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচের আগে এমনই দৃশ্য দেখা গেল লন্ডনে। এদিন ওভালে দুপুর দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, প্রবল যানজটের কারণে সময় মতো মাঠে পৌঁছতে পারেননি দু’দলের ক্রিকেটাররা। ইংল্যান্ড দল টিম বাস ছেড়ে বাইসাইকেলে চেপে স্টেডিয়ামে আসলেও, ক্যারিবিয়ান ক্রিকেটাররা মাঝপথেই আটকে থাকেন। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর হয় টস। খেলা শুরু হয় আরও আধ ঘণ্টা দেরিতে। এই প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ কিছুটা মজার ছলে বলেন, ‘আমাদের উচিত ছিল বাস থেকে নেমে হাঁটা লাগানো। তাহলে আরও আগে পৌঁছতে পারতাম।’



