সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ফের এক সপ্তাহের ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত রোলিং ব্লক নেওয়া হয়েছে। ফলে ডিভিশনজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। এতে ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রাফিক ব্লকের নামে প্রতিদিনই লোকাল ট্রেন বন্ধ থাকছে। কবে নিস্তার মিলবে জানা নেই। আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, প্রতিটি ডিভিশনে ব্লক নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই ব্লক নিয়ে কাজ করা হয়।
রেলের তরফে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫(আসানসোল-আদ্রা) মেমু প্যাসেঞ্জার ২১, ২২ ও ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল থাকবে। ১৮০১৯/১৮০২০(ঝাড়গ্রাম-ধানবাদ) মেমু এক্সপ্রেস ২১ ও ২৩ জুলাই বাতিল থাকবে। এছাড়া ৬৮০৫৫(আসানসোল-টাটা নগর) মেমু প্যাসেঞ্জার ২২, ২৪ ও ২৬ জুলাই আসানসোল থেকে আদ্রা পর্যন্ত প্যাসেঞ্জার স্পেশাল হিসেবে চলাচল করবে। কারণ ট্রেনটি চক্রধরপুর ডিভিশনের তরফে বাতিল করা হয়েছে। পাশাপাশি, ৬৮০৬০(আসানসোল–বরাভূম) মেমু ২২, ২৪ ও ২৬ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে আসানসোল-আদ্রা শাখায় পরিষেবা বাতিল থাকবে। কারণ, ৬৮০৫৬ রেকটি খড়্গপুর ডিভিশনের তরফে বাতিল করা হয়েছে। একইভাবে ৬৮০৫৬/৬৮০৬০(টাটা নগর–আসানসোল-বরাভূম) মেমু প্যাসেঞ্জার ২১, ২৫ ও ২৭ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ৬৮০৭৯/৬৮০৮০ (ভোজুডি–চন্দ্রপুরা) মেমু ২১ ও ২৫ জুলাই মহুদা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওই দু’দিন ট্রেনটির পরিষেবা মহুদা থেকে চন্দ্রপুরা পর্যন্ত বাতিল থাকবে।