সমৃদ্ধ দত্ত: বিগত কিছু বছর ধরে কমবেশি সব বাণিজ্যের বৃদ্ধিহার অর্থাৎ বার্ষিক গ্রোথ রেট কমে চলেছে। গ্রোথ রেট কমে চলার অর্থ কী? অর্থ হল, এতকাল ধরে যেভাবে বিক্রি ও মুনাফা বেড়ে যাচ্ছিল, এখন সেই অনুপাতে এই বৃদ্ধির হার সামান্য কমে গিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যতিক্রম তিনটি বাণিজ্য। জল, বাতাস এবং রোদ্দুর। প্যাকেজড বটলড ওয়াটার, এয়ার পিউরিফায়ার এবং ভিটামিন ডি! সবথেকে বেশি যে ব্যবসা ভারতজুড়ে বেড়েছে এবং এখনও বেড়ে চলেছে, সেটি হল জলের ব্যবসা। প্যাকেজড বটলড ওয়াটার, ওয়াটার কন্টেনার, ওয়াটার পিউরিফায়ার, ট্যাঙ্কার। দ্বিতীয় যে বাণিজ্য ঊর্ধ্বমুখী ইদানীংকালে, সেটি হল, এয়ার পিউরিফায়ার। বাতাসকে দূষণমুক্ত করার যন্ত্র। আর তৃতীয় যে বস্তুটি মুনাফার পাহাড়ে চড়ছে, সেটি হল, ভিটামিন ডি ট্যাবলেট। ভিটামিন ডি সাপ্লিমেন্ট ওষুধ হিসাবে আজকাল প্রায় সব ডাক্তার খেতে বলেন। ভিটামিন ডি কিসের বিকল্প? রোদ্দুরের। রোদ্দুর তথা সূর্যালোক শরীরে কম প্রবেশ করলে ভিটামিন ডি কমে যায়। বহু বছর ধরে সাপ্লিমেন্ট হিসাবে যে ওষুধটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবথেকে বেশি বিক্রি হয়ে এসেছে, সেটি হল ভিটামিন সি। কিন্তু সকলের অজান্তে সেই প্রথম স্থান থেকে ভিটামিন সি-কে সরিয়ে দিয়ে বিগত কিছু বছর ধরে এখন বিক্রি, উৎপাদন ও মুনাফায় ফার্স্ট হয়েছে ভিটামিন ডি। ডাক্তারদের প্রেসক্রিপশন, নার্সিংহোম, হাসপাতালের নির্দেশিকা এবং কাউন্টার সেলসের বিচারে এখন সাপ্লিমেন্ট মেডিসিনের শীর্ষে ভিটামিন ডি। রোদ্দুরের বিকল্প। পাশাপাশি, সোলার এনার্জির ইউনিট এখন সরকারের কাছে সবথেকে বেশি প্রিয়। সরকার ভরতুকি দেয় সোলার ইউনিট কিনলে। যা সফল হলে বায়ুদূষণ কমবে। ফসিল ফুয়েলের ভাণ্ডারও কম। অথচ সোলার ইউনিট ১০০ শতাংশ সাফল্য পাচ্ছে না।
তাহলে কী দেখা যাচ্ছে? ঠিক যেগুলি প্রাণধারণের জন্য প্রকৃতি বিনামূল্যে জীবজগতের জন্য দিয়ে এসেছে আবহমানকাল ধরে, ঠিক সেইগুলি এখন অর্থব্যয় করে ব্যবহার করতে হচ্ছে। মূলত নাগরিক জীবনের এই প্রবণতা। এখন আর ভারতের কোনো নগরবাসী সরাসরি কোনো প্রকৃতিদত্ত জল পান করে না। বহু মানুষের ঘরে ওয়াটার পিউরিফায়ার। সর্বক্ষণের সঙ্গী বটলড প্যাকেজড ওয়াটার। ছোটো বড়ো কন্টেনারে জল। রাস্তায় বেরলেই দেখা যায়, সাইকেলে, ভ্যানে, রিকশায়, ম্যাটাডোরে, মোটরসাইকেলে ওয়াটার কন্টেনার চলেছে। ক্রেট ক্রেট জলের বোতল বিক্রি হচ্ছে। এত বিশুদ্ধ জল কোথায় তৈরি হচ্ছে? যে সব ওয়াটার কন্টেনার ঘাড়ে করে নিয়ে এসে বিক্রেতারা বাড়ি কিংবা দোকান অথবা অফিসে কিংবা অনুষ্ঠানস্থলে এসে লাগিয়ে দিয়ে যাচ্ছে, সেই জলের উৎপাদন স্থল কোথায়? আমাদের আশপাশে এত বিশুদ্ধ জল তৈরির ইউনিট আছে নাকি? সেই বিশুদ্ধ জলের সোর্স কী? অর্থাৎ কোন জল পরিশুদ্ধ করে বিশুদ্ধ করা হচ্ছে? আবার একইসঙ্গে গ্রীষ্মকালে তো বটেই, প্রায় সারাবছর ওয়াটার ট্যাঙ্কারের চাহিদা থাকে নগর ও গ্রামীণ জীবনে। ভারতে ওয়াটার ইকনমির বার্ষিক অঙ্ক কত? ৩৩ হাজার কোটি টাকা। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশনের সমীক্ষা। কোথায় পৌঁছাতে চলেছে এই ব্যবসা? ২০৩২ সালে জলবাণিজ্যের বার্ষিক টার্নওভার হবে ৫৮ হাজার কোটি টাকা।
প্রথমে দেখা যাচ্ছিল দিল্লি। তারপর ক্রমেই হঠাৎ কী এমন ঘটল যে, ভারতের প্রায় প্রতিটি শহরে দূষণের প্রবল প্রকোপে মানুষের শ্বাসপ্রশ্বাসের কষ্ট এবং শ্বাসকষ্টের অসুখ ক্রমেই বেড়ে গেল? কেন এত দূষণ? কারণ, যাই হোক, আমরা লক্ষ্য করছি, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, ভোপাল এমনকি পাহাড়ে পৌঁছে গিয়েছে বায়ুদূষণ। যত দূষণ বাড়ছে প্রতি বছর, তার সঙ্গে পাল্লা দিয়ে দুই-ই বিক্রি বেড়ে চলেছে। এয়ার পিউরিফায়ার এবং নেবুলাইজার। আপাতভাবে কয়েক বছর আগে মনে করা হচ্ছিল, এয়ার পিউরিফায়ার ক্রয় বিক্রয় নিছক বৃহৎ শহরের উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিগত কয়েক বছরে সেই ধারণা ভেঙে চুরমার। ২০২৫ সালের হিসাবেই দেখা যাচ্ছে এয়ার পিউরিফায়ার ব্যবসা সাড়ে ৫০০ কোটি টাকা ছুঁয়েছে ওই বছরে। ঘরে ঘরে এয়ার পিউরিফয়ার পৌঁছে যায়নি এখনও। কিন্তু শুরু হয়ে গিয়েছে। কারণ, প্রকৃতির যে দানগুলি নিয়ে ব্যবসা শুরু হয় প্রয়োজনের তাগিদকে সামনে রেখে, সেই ব্যবসার প্রধান লক্ষ্য সর্বদাই মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত তখনই কোনো নতুন আধুনিক যন্ত্রে আকৃষ্ট হবে, যখন তার দাম হবে সাধ্যের মধ্যে। অতএব ক্রমেই এয়ার পিউরিফায়ারের দাম কমতে শুরু করেছে। সাধারণ মানের এয়ার পিউরিফায়ার উৎপাদন ও বিক্রির একঝাঁক কোম্পানির আবির্ভাব ঘটেছে। ঠিক যেমন রাস্তাঘাটে অজানা অচেনা কোম্পানির প্যাকেজড ওয়াটার বটল পাওয়া যায়। এখন আর খুব বেশি মানুষ কেনার সময় দেখে না যে, কোন কোম্পানির জল কেনা হচ্ছে। ২০৩০ সালের আগেই অর্থাৎ আর আগামী চার বছরের মধ্যেই এয়ার পিউরিফায়ারের বাণিজ্য ভারতে ১ হাজার কোটি টাকা ছাপিয়ে যাবে বলে বণিকসভাগুলির পূর্বাভাস।
ভারতে রোদ্দুরের অভাব নেই। ভারতজুড়ে গ্রীষ্মকালের প্রবণতাই বেশি। অথচ পাব মেড সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অনুযাঁয়ী ভারতের ৭০ থেকে ৯০ শতাংশ মানুষই নাকি ভিটামিন ডি-এর অভাবে ভুগছে। ভারতে সরকারি সংস্থা ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের পরিসংখ্যান হল, ভারতে ২৫৮টি সরকারিভাবে অনুমোদিত ভিটামিন ডি ট্যাবলেট, ক্যাপসুল ফর্ম আছে। দুভাবে পাওয়া যায়। ভিটামিন ডি টু এবং ভিটামিন ডি থ্রি। ২২ টি প্রথমসারির সংস্থাকে অনুমোদন দেওয়া রয়েছে। তার বাইরে রয়েছে শতাধিক কোম্পানি। এবং সবথেকে বেশি হারে জমা পড়ছে ভিটামিন ডি তৈরির লাইসেন্স পাওয়ার আবেদন। কেন? কারণ প্রেসক্রিপশনে ভিটামিন ডি দেওয়া একদিকে যেমন নিশ্চিত, তেমনই এই পরীক্ষা করার জন্য ডায়াগনস্টিক ক্লিনিকগুলি বিপুল মুনাফা করছে। বড়ো শহরে ৪৪০ টাকা থেকে ১৭০০ টাকা পর্যন্ত খরচ হয় ভিটামিন ডি ব্লাড টেস্টের জন্য। ভিটামিন ডি বাণিজ্যের আর্থিক মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে সোলার পাওয়ার। সরকার এখন সবথেকে বেশি জোর দিচ্ছে সোলার বিদ্যুতের ব্যবহারে। এমনকি সোলার বিদ্যুৎ ইউনিট ইনস্টল করা হলে সরকার ভরতুকি দিচ্ছে। সুতরাং হু হু করে বাড়ছে সোলার কোম্পানি।
এই অঙ্কগুলির তুলনায় বহু বাণিজ্য রয়েছে বহুগুণ বেশি বার্ষিক টার্নওভার। কিন্তু এই তিন বাণিজ্যের অগ্রগতি সবথেকে দ্রুত হারে ঘটছে বিগত কিছু বছরে। জলবাণিজ্য অবশ্য সবাইকে ছাপিয়ে উল্কার গতিতে এগিয়ে চলেছে অনেক বছর ধরেই। জলের সংকট যত সাধারণ মানুষের মধ্যে বাড়ছে, ঠিক ততটাই বাড়ছে পরিশুদ্ধ জল তৈরির কোম্পানির পরিমাণ।
ভারত সরকার কয়েকটি সেক্টরকে কৃষি এবং শিল্পের উন্নয়নের অন্যতম আলোকশিখা হিসাবে বিবেচনা করছে আজকাল। তার মধ্যে অন্যতম হল ডেটা সেন্টার। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই সর্বদাই জয়গান গেয়ে থাকে ডেটা সেন্টারের। এত বেশি ইন্টারনেট, এত বেশি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, এত বেশি সোশ্যাল মিডিয়া, এত আপলোড, এত ডাউনলোড এসবের জন্য সবথেকে বেশি কী প্রয়োজন? ডেটা সেন্টার। আর তাই প্রত্যেক বহুজাতিক ডিজিটাল কোম্পানি সবথেকে বেশি জমি চায় ডেটা সেন্টার নির্মাণের জন্য। ডেটা সেন্টারকে অনেকেই মনে করে উন্নয়নের অন্যতম বিজ্ঞাপন। কিন্তু ডেটা সেন্টারের সবথেকে বেশি চাহিদা কী? ক্ষুধা কী? জল এবং বিদ্যুৎ। ডেটা সেন্টারের কুলিং সিস্টেমকে সর্বদাই আপডেট রাখতে বিপুল পরিমাণ জল দরকার হয়। আর বিদ্যুৎ। এই দুইই সাধারণ মানুষের কাছে ক্রমেই হয়ে উঠছে মূল্যবান। আম জনতাকে জল কিনতে হয়। আর বিদ্যুতের চার্জ বেড়ে চলেছে। সরকার কোন ফসলে খুব উৎসাহী? তুলো, আখ ইত্যাদি। ইথানল তৈরি করতে সরকার খুব উৎসাহী। এই ক্যাশ ক্রপগুলির সবথেকে বেশি কী প্রয়োজন? জল। দেশ বিদেশের ঠান্ডা পানীয় তৈরির বিখ্যাত অথবা অখ্যাত সংস্থার উৎপাদন ইউনিটের সবথেকে জরুরি উপকরণ কী? জল। ১ লিটার ঠান্ডা পানীয় তৈরি করতে সাড়ে তিন লিটার জল দরকার হয়। আমেরিকার একের পর এক শহরে কেন ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে আন্দোলন হয়? ক্যাশ ক্রপের বিরুদ্ধে বিক্ষোভ হয়? এই জল সংরক্ষণের জন্য।
প্রকৃতি উজাড় করে রেখেছে তার সম্পদ। কিন্তু জল দূষিত হয়ে গেল। বায়ু দূষিত হয়ে গেল। রোদ্দুর থেকে পুষ্টি গ্রহণ নগরসভ্যতা ভুলে গেল। আর সেইসব সুযোগ নিয়ে বাণিজ্য বেড়ে গেল বিশ্বজুড়ে। বিশুদ্ধ বায়ু, পরিশুদ্ধ জল এবং ভিটামিন সি অথবা ভিটামিন ডি-এর মতো সাপ্লিমেন্ট সরকারি বদান্যতায় অনায়াসে পাওয়ার সুযোগ। স্বাধীনতার ৮০ বছরে এই সামান্য চাহিদা পূরণের দাবি তোলা কি ১৪৬ কোটি নাগরিকের অন্যায়?


