অসুস্থ হওয়াটাই কি তবে অপরাধ? কারণ, এদেশে আম জনতাকে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েও ওষুধ কিনতে হয় বাইরে থেকে। রক্তপরীক্ষা, স্ক্যান, রোগনির্ণয়ের জন্য ছুটতে হয় বেসরকারি ল্যাবরেটরিতে। সরকারি হাসপাতালের দরজা পেরিয়েও শেষ পর্যন্ত নিজের পকেটের উপরে ভরসা করতে হয় রোগীর পরিবারকে। অথচ স্বাস্থ্যখাতে খরচ করার জন্য বরাদ্দ অর্থের বিপুল অংশ খরচই করতে পারে না কেন্দ্রীয় সরকার। যে দেশে চিকিৎসার খরচ জোগাতে সাধারণ মানুষকে সঞ্চয় ভাঙতে হয়, ধার করতে হয়, জমি-গয়না বিক্রি করতে হয়, সেই দেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ হাজার হাজার কোটি টাকা খরচ না হয়ে পড়ে থাকে কী করে? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নয়? জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান (এনএইচএ) ২০২৩-২৪ এবং ক্যাগ রিপোর্ট সেই ব্যর্থতারই দলিল। সেই দলিলে দেখা যাচ্ছে, দেশের ২১টি বড়ো রাজ্যের মধ্যে ১০টিতেই হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মোট খরচের ৪০ থেকে ৬৭.১ শতাংশ বহন করছেন সাধারণ মানুষ। গোটা দেশে দোকান থেকে ওষুধ কেনার খরচের ৯৯.৯৩ শতাংশই মেটাতে হচ্ছে নিজেদের পকেট থেকে। বেসরকারি পরীক্ষাগারে রোগনির্ণয় জন্য হওয়া ব্যয়ের ৯৬.৪ শতাংশের দায়ও আম জনতার। অর্থাৎ, অসুখ ধরা পড়া থেকে ওষুধ খেয়ে সুস্থ হওয়া, প্রতিটি ধাপেই আর্থিক শাস্তি ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
চিকিৎসা এখন বহু পরিবারের কাছে বিলাসিতা। খোদ সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ সালে দেশে ওষুধ কেনার জন্য খরচ হয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৪৫৯ কোটি টাকা। তার মধ্যে সরকারি প্রকল্পের অবদান মাত্র ১১০ কোটি। বাকিটা আম জনতা পকেটের। বেসরকারি পরীক্ষাগারে ২৯ হাজার ২৮৯ কোটি টাকার পরীক্ষার মধ্যে ২৮ হাজার ২৪৩ কোটি টাকাই দিয়েছেন রোগী ও তাঁর পরিবার। কারও সন্তানের পড়াশোনার টাকা যাচ্ছে চিকিৎসায়। কারও অবসর জীবনের সঞ্চয় শেষ হচ্ছে হাসপাতালের বিলে। এই দুর্দশার দায় কি শুধুই মানুষের দুর্ভাগ্য বলে এড়িয়ে যেতে পারে সরকার? আরও বিস্ময়কর হল, স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি অর্থের ব্যবহার না হওয়া। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে স্বাস্থ্য সেস বাবদ সংগৃহীত ৪৩ হাজার ৪২৬ কোটি টাকা নির্দিষ্ট হেল্থ ফান্ডে জমা পড়েনি। স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য মানুষের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল, তা নির্দিষ্ট খাতে পৌঁছাল না কেন? কে জবাব দেবে? শুধু তা-ই নয়, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪, এই পাঁচ বছরে স্বাস্থ্য মন্ত্রকের বরাদ্দ থেকে খরচ করা যায়নি ১ লক্ষ ৩২ হাজার ৭৪৯ কোটি টাকা। অর্থ ফেরত গিয়েছে সরকারি কোষাগারে। অথচ দেশের হাসপাতালগুলিতে ওষুধের অভাব। আছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা নেই। রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়। কোথাও বেড নেই, কোথাও চিকিৎসার পরিকাঠামো নেই। এই পরিস্থিতিতে বরাদ্দ টাকা খরচ করতে না পারার অর্থ কী? সরকারের কাছে কি মানুষের অসুখের চেয়েও প্রশাসনিক হিসাব মেলানো বেশি গুরুত্বপূর্ণ? নিখরচায় দেশবাসীর জন্য স্বাস্থ্যবিমার প্রচার করেও এই ব্যর্থতা ঢেকে রাখা যায় না। কারণ, ২০২৩-২৪ সালে দেশের মোট স্বাস্থ্যব্যয়ের মাত্র ৩.৯৯ শতাংশ এসেছে সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে। বিমার কার্ড থাকলেই ওষুধ বিনামূল্যে মেলে না। মেডিকেল টেস্টও ফ্রি হয় না। হাসপাতালে প্রয়োজনীয় পরিষেবা না থাকলে বিমার সুবিধা কাগজেই থেকে যায়।
সরকারের ঘোষিত লক্ষ্য, জিডিপির ২.৫ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করা। কিন্তু লক্ষ্য ঘোষণা আর বাস্তবে মানুষের পাশে দাঁড়ানো এক কথা নয়। স্বাস্থ্য যদি সত্যিই মৌলিক অধিকার হয়, তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল, সর্বত্র বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, শয্যা ও আধুনিক পরিকাঠামো নিশ্চিত করতে হবে। বরাদ্দ অর্থ কেন খরচ হচ্ছে না, স্বাস্থ্য সেসের টাকা কোথায় যাচ্ছে, তার জবাবদিহি চাই। শুধু নতুন প্রকল্পের ঘোষণা কিংবা বিমার কার্ড বিলি করে সরকারের দায়িত্ব শেষ হয় না। রাষ্ট্রের প্রথম দায়িত্ব নাগরিকের জীবন রক্ষা। সেই দায়িত্ব কবেই বা পালন করেছে কোনো সরকার! একদিকে চিকিৎসার অভাবে মৃত্যু, অন্যদিকে চিকিৎসার জন্য নিঃস্ব হয়ে যাওয়া—এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সরকারের অব্যবহৃত হাজার হাজার কোটি টাকা যেন নিষ্ঠুর পরিহাস! স্বাস্থ্যখাতে সেই অর্থ ব্যবহারে সরকারের অনীহা ও অদক্ষতার মাশুল দিচ্ছেন অসহায় দেশবাসী এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।


