চীনা গুপ্তচরদের প্রেমের ফাঁদ!
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মৃণালকান্তি দাস: গুপ্তচরবৃত্তির জগতে আজ সব দরজা ভাঙতে হয় না। কিছু দরজা খুলে যায় বিশ্বাসে। কিছু খোলে অর্থের লোভে। আর কিছু— প্রেমের টানে!

Advertisement

একজন মানুষকে তাঁর সবচেয়ে গোপন কথাটি বলানোর জন্য সব সময় আগ্নেয়াস্ত্র, হুমকি কিংবা ব্ল্যাকমেলের প্রয়োজন হয় না। কখনো প্রয়োজন হয় শুধু একজন আকর্ষণীয় সঙ্গীর, কয়েকটি অন্তরঙ্গ সন্ধ্যার, আর এমন এক সম্পর্কের— যেখানে টার্গেট বুঝতেই পারেন না, ব্যক্তিগত জীবনের সঙ্গে কখন পেশাগত গোপনীয়তা মিশে গিয়েছে। গোয়েন্দাদের ভাষায় এই কৌশলের নাম ‘হানি ট্র্যাপ’। প্রেম, যৌন আকর্ষণ কিংবা আবেগের সম্পর্ককে ব্যবহার করে কাউকে প্রভাবিত করা, তথ্য আদায় করা অথবা পরে সেই সম্পর্ককেই ব্ল্যাকমেলের অস্ত্র বানানো।
মার্কিন প্রযুক্তি সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব জেনসেন হুয়াং। তাঁর হাতে এমন এক প্রযুক্তির চাবিকাঠি, যা বদলে দিচ্ছে পৃথিবীর অর্থনীতি, সামরিক শক্তির ভারসাম্য এবং ভবিষ্যতের বিশ্বরাজনীতি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে এনভিডিয়ার চিপ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আর সেই সংস্থার প্রধান সিইওকে ঘিরেই এবার সামনে এসেছে এক ভয়ংকর গুপ্তচরবৃত্তির অভিযোগ।
গল্পের কেন্দ্রে এক চীনা ব্যবসায়ী নারী—অ্যালিস হুয়াং। মার্কিন প্রশাসনের দাবি, জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখার আড়ালে তিনি কাজ করছিলেন চীনের গোয়েন্দা সংস্থার হয়ে। অভিযোগ সত্যি হলে, এটি নিছক প্রেমের কাহিনি নয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থাগুলির একটির শীর্ষে পৌঁছে যাওয়ার এক পরিকল্পিত অভিযান— একটি ‘হানি ট্র্যাপ’। এর পিছনে রয়েছে আরও বড়ো এক যুদ্ধ— আমেরিকার প্রযুক্তি, শিল্প, গবেষণা এবং অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে চীনের দীর্ঘমেয়াদি গোয়েন্দা অভিযান। চীন সরকার অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু মার্কিন গোয়েন্দা অফিসারদের কাছে প্রশ্নটি এখন অন্য: অ্যালিস হুয়াং আসলে কী জানতেন? জেনসেন হুয়াংয়ের কাছ থেকে তিনি কী কী তথ্য পেয়েছিলেন? আর সেই তথ্য কোথায় পৌঁছেছে?
সংবাদসংস্থা ফিনান্সিয়াল টাইমস জানাচ্ছে, এনডিভিয়ার উন্নত এআই চিপ চীনে পৌঁছে দেওয়ার গোপন অভিযানে যুক্ত ছিল গেমিং ব্যবসায়ী, ক্লাউড কম্পিউটিং সংস্থা, একাধিক অফশোর কোম্পানি এবং কম্বোডিয়ার অপরাধী নেটওয়ার্ক। তদন্তে সবচেয়ে অন্ধকার অধ্যায়ে উঠে এসেছে হু শিয়াওওয়েই-র নাম। যে কম্বোডিয়ার ‘প্রিন্স গ্রুপ’ নামে একটি অপরাধী নেটওয়ার্কের সেকেন্ড ম্যান। এই নেটওয়ার্কের বিরুদ্ধে অনলাইন স্ক্যাম সেন্টার পরিচালনা, অর্থপাচার, জুয়া এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের গোপন ব্যবস্থা গড়ে তোলার অভিযোগ রয়েছে। শুধু তাই-ই নয়, হু শিয়াওওয়েই-র সঙ্গে চীনের গেমিং ব্যবসার কয়েকটি প্রতিষ্ঠানের কর্পোরেট যোগাযোগের কথা উঠে এসেছে। সেই সূত্র ধরে সামনে এসেছে ‘সেঞ্চুরি হুয়াটং’ এবং জনপ্রিয় অনলাইন গেম ‘লিজেন্ড অব মির’-এর ব্যবসায়িক ইতিহাস। তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরানো গেমিং ব্যবসার সঙ্গে যুক্ত 
কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কীভাবে এবং কেন পরবর্তী সময়ে ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার এবং এআই চিপের ব্যবসায় প্রবেশ করল? আর এই ‘প্রিন্স গ্রুপ’-এর সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর সম্পর্ক কতটা গভীর? 
জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেগাস্পিড-এর মালয়েশীয় সহযোগী ‘স্পিডম্যাটরিক্স’ মার্কিন সংস্থা ‘আইভ্রেস’ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। আইভ্রেস এনডিভিয়ার চিপের ব্যবসার সঙ্গে যুক্ত। সন্দেহ বাড়ে ২০২৬ সালের গোড়ায়। ইন্দোনেশিয়ায় মেগাস্পিড-এর একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানে পুলিশি অভিযানের সময় কোনো সার্ভারের খোঁজ পাওয়া যায়নি। প্রশ্ন ওঠে, বিপুল অর্থের বিনিময়ে কেনা জিপিইউ ও সার্ভার কোথায় গেল? অভিযোগ, দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টারে ব্যবহারের জন্য কেনা চিপের একটি উল্লেখযোগ্য অংশ শেষ পর্যন্ত চীনে পৌঁছে গিয়েছে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে। কাগজে-কলমে এক দেশে থাকা প্রযুক্তি অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছিল কি না, সেটিই এখন তদন্তের বড়ো প্রশ্ন।
গোয়েন্দা সংস্থাগুলি টার্গেটকে বশে আনতে কখনো ঘুষ দেয়, কখনো ব্ল্যাকমেলের আশ্রয় নেয়। কিন্তু কোটিপতি কর্পোরেট কর্তাদের ক্ষেত্রে হয়তো এত আয়োজনের প্রয়োজনই পড়ে না। তাঁদের দুর্বলতা অনেক সময় লুকিয়ে থাকে নিজেদের মধ্যেই— কামনা, অহংকার আর অন্ধ আত্মবিশ্বাসে। সেই দুর্বলতার দরজায় একবার পৌঁছে যেতে পারলেই, বাকি কাজটা অনেক সহজ। আতঙ্ক একটাই, অ্যালিস কি এনডিভিয়ার কর্তাকে সেই টোপে বশ করেছিলেন? অ্যালিস কি কোনো রহস্যময়ী নারী, যার ছায়ায় কেঁপে উঠেছে আমেরিকার প্রযুক্তি সাম্রাজ্য?
একসময় সিআইএর কাউন্টারস্পিওনাজ বিভাগের প্রধান এবং এফবিআইয়ের বিশেষ এজেন্ট হিসাবে কাজ করেছেন উইলিয়াম ইভানিনা। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের ডিরেক্টর ছিলেন। এই দুঁদে গোয়েন্দা অফিসার নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন, আসলে চীনের গোয়েন্দা তৎপরতার ধরন বদলে গিয়েছে। সব গুপ্তচর আর গোপন পরিচয়ে ঘোরেন না। কারও কাছে পিস্তল থাকে না, পকেটে সাংকেতিক বার্তা থাকে না, দূতাবাসের গোপন ঘরেও তাঁদের দেখা যায় না। তাঁরা আসেন বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার, গবেষক, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষাবিদের পরিচয়ে। মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসাররা তাঁদের বলেন ‘নন-ট্র্যাডিশনাল কালেক্টর’। অপ্রথাগত তথ্য সংগ্রাহক। তাঁরা বৈধ ব্যবসা করেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন, যৌথ উদ্যোগে অংশ নেন, প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি করেন। কিন্তু সেই বৈধ যোগাযোগের আড়ালেই চলতে পারে গোপন তথ্য সংগ্রহ। কেউ জেনেশুনে চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করেন। কেউ আবার নিজের অজান্তেই হয়ে ওঠেন তাঁদের হাতের পুতুল।
অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এই দ্বিতীয় ধরনের গুপ্তচরবৃত্তির বিপদকেই সামনে এনেছে। কারণ এখানে লক্ষ্য শুধু কোনো একটি নথি বা প্রযুক্তি চুরি নয়। লক্ষ্য হতে পারে একজন মানুষের বিশ্বাস, তাঁর ব্যক্তিগত কথোপকথন, ব্যবসায়িক পরিকল্পনা, ভবিষ্যৎ বিনিয়োগের সিদ্ধান্ত— এমনকি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্যও। হিসাব অনুযায়ী, চীনের মেধাস্বত্ব ও বাণিজ্যিক গোপনীয়তা চুরির কারণে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি বছরে আনুমানিক ৩০ হাজার কোটি থেকে ৬০ হাজার কোটি ডলার। এই চুরির ধরনও বিচিত্র। কোথাও প্রযুক্তি সংস্থার ভিতর থেকে তথ্য বেরিয়ে যাচ্ছে। কোথাও গবেষণার নামে সংগ্রহ করা হচ্ছে গোপন সূত্র। আবার কোথাও বহু বছরের শিল্প-গবেষণার ফল রাতারাতি পৌঁছে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীর হাতে। চীনের লক্ষ্য যে শুধু এআই চিপ নয়। মার্কিন সমাজের প্রায় প্রতিটি স্তরেই প্রভাব বিস্তার ও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে অভিযোগ। সরকারি অফিসার থেকে শুরু করে কর্পোরেট সিইও— কেউই এর বাইরে 
নন। সরকারি মহলে প্রবেশের চেয়েও গভীরভাবে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলির ভিতরে ঢুকে পড়েছে চীনা তথ্য সংগ্রহের নেটওয়ার্ক।
গত কয়েক দশকে আমেরিকার একাধিক সংস্থা চীনের বিরুদ্ধে বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছে। মনসান্টো থেকে হাইব্রিড বীজ, ডুপন্ট থেকে সাদা রঙের উপাদান টাইটানিয়াম ডাই-অক্সাইড, পিটসবার্গ কর্নিং থেকে গ্লাস ইনসুলেশন, জিই অ্যাভিয়েশন থেকে জেট ইঞ্জিনের প্রযুক্তি— অভিযোগের তালিকা দীর্ঘ। মনসান্টোর ক্ষেত্রে ঘটনাটি ছিল প্রায় সিনেমার দৃশ্যের মতো। আইওয়ার একটি খামারে মাটি খুঁড়ে বীজ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন এক চীনা নাগরিক। কিন্তু সব চুরি যে এভাবে ধরা পড়ে, তা নয়। অধিকাংশ ক্ষেত্রেই তথ্য বেরিয়ে যাওয়ার মুহূর্তটি অদৃশ্য থেকে যায়। সংস্থা বুঝতে পারে অনেক পরে— যখন প্রতিদ্বন্দ্বী বাজারে একই প্রযুক্তি নিয়ে হাজির।
চীনের এই কৌশলের পিছনে রয়েছে রাষ্ট্রের আইনগত কাঠামো। দেশটির জাতীয় গোয়েন্দা আইন অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিকদের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করতে হয়। চীনা সরকার কিংবা জাতীয়, সামরিক বা জননিরাপত্তা কর্তৃপক্ষ কোনো তথ্য বা উপাত্ত চাইলে তা সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। এমনকি তৃতীয় পক্ষের হাতে থাকা তথ্যও এর আওতায় আসতে পারে। কোনো ডিজিটাল খুচরো বিক্রেতা বা যোগাযোগ প্ল্যাটফর্মের কাছে থাকা আর্থিক লেনদেনের বিবরণ, ই-মেল কিংবা ফোনের রেকর্ডও। এখানে সমস্যা শুধু রাষ্ট্রীয় গুপ্তচর নয়। গোটা ব্যবসায়িক পরিবেশই সম্ভাব্য তথ্য সংগ্রহের ক্ষেত্র হয়ে উঠতে পারে। একজন বিনিয়োগকারী, একটি যৌথ উদ্যোগ, একটি গবেষণা প্রকল্প কিংবা একটি প্রযুক্তি সরবরাহকারী— যে কোনো যোগাযোগের মধ্যেই তৈরি হতে পারে তথ্য বেরিয়ে যাওয়ার পথ।
মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে চীনের আগ্রহের তালিকায় রয়েছে মহাকাশ প্রযুক্তি, গভীর সমুদ্রের প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, উৎপাদন শিল্প, পরিবেশবান্ধব জ্বালানি, বৈদ্যুতিক ব্যাটারি এবং ডিএনএ বা জিনোমিকস। এই তালিকার প্রতিটি ক্ষেত্র ভবিষ্যতের অর্থনীতি ও সামরিক শক্তির সঙ্গে সরাসরি যুক্ত। মহাকাশ প্রযুক্তি স্যাটেলাইট ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। গভীর সমুদ্রের প্রযুক্তি খুলে দেয় নতুন সম্পদ ও কৌশলগত সুযোগ। জৈবপ্রযুক্তি এবং জিনোমিকস ভবিষ্যতের চিকিৎসা ও গবেষণার ভিত্তি। আর ব্যাটারি ও পরিচ্ছন্ন জ্বালানি নির্ধারণ করবে আগামী দিনের শিল্প ও জ্বালানি-নিরাপত্তা। অর্থাৎ, চীনের লক্ষ্য কেবল আজকের প্রযুক্তি চুরি নয়। আগামী দিনের অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা আগেভাগে দখল করা। তারজন্য তারা ‘হানি ট্র্যাপ’-এর কৌশল বারবার ব্যবহার করে।
প্রাক্তন গোয়েন্দা অফিসার ইভানিনার সতর্কবার্তা স্পষ্ট— চীনের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় আমেরিকাকে শুধু নিজের প্রযুক্তি রক্ষা করলেই চলবে না; রক্ষা করতে হবে সেই প্রযুক্তি তৈরি করা মানুষ, প্রতিষ্ঠান এবং তথ্যের প্রতিটি প্রবেশপথ। কারণ আধুনিক গুপ্তচরবৃত্তিতে সবচেয়ে বিপজ্জনক অনুপ্রবেশকারী সব সময় গোপন পরিচয়ে আসে না। কখনো সে আসে ব্যবসায়িক অংশীদার হয়ে। কখনো গবেষণার সহযোগী। কখনো বা এমন একজন মানুষ, যাঁকে আপনি নিজের সবচেয়ে কাছের বলে বিশ্বাস করেন!