নরেন্দ্র মোদি: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর প্রতিনিধি পরিষদে আমাদের সংবিধান গৃহীত হয়। আজ আমরা ডঃ রাজেন্দ্র প্রসাদ, ডঃ বাবাসাহেব আম্বেদকর এবং প্রতিনিধি পরিষদের প্রত্যেক সদস্যকে স্মরণ করছি। ভারতের মতো বৈচিত্রময় একটি দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, সংবিধানের প্রভাব যেন কেবল সংসদ বা আদালতের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। তাই সংবিধানের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের সামগ্রিক চেতনার আরও গভীর সংযোগ এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরিহার্য ঐক্যের চেতনাকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। আর সেই কারণে এক দশকেরও বেশি আগে আমাদের সরকার ২৬ নভেম্বর দিনটিকে ‘সংবিধান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
আমার মতো কোটি কোটি ভারতবাসীর কাছে সংবিধান জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান আমি। জন্মগত কোনো বিশেষ সুবিধা না থাকা সত্ত্বেও, একজন ব্যক্তি যে একদিন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সেবা করার দায়িত্ব পেতে পারেন—তা থেকেই বোঝা যায় আমাদের সংবিধান কত অসাধারণ। আমাদের সংবিধানের কারণেই আজ আর কারও জন্মপরিচয় তার ভবিষ্যতের সীমানা নির্ধারণ করে দেয় না। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ গ্র্যানভিল অস্টিন আমাদের সংবিধানকে বর্ণনা করেছেন ‘সর্বোপরি একটি সামাজিক দলিল’ হিসাবে। সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষা আমাদের সংবিধানের প্রতিটি স্তরে মিশে আছে। সুতরাং, সংবিধান প্রণেতাদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করার চেয়ে তৃপ্তিদায়ক আর কী হতে পারে?
বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। প্রজন্মের পর প্রজন্মের বঞ্চনা থেকে মুক্ত হয়ে তাঁরা এখন সন্তানদের জন্য উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিশ্চিত করে যে প্রত্যেকটি পরিবার মাথার উপরে পাকা ছাদ পাবে, যা সংবিধানে প্রদত্ত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। উজ্জ্বলা যোজনা যখন একজন মাকে ধোঁয়ায় ভরা রান্নাঘরের কষ্ট থেকে মুক্ত করে, তখন আমরা সমতা ও কল্যাণের আদর্শকেই এগিয়ে নিয়ে যাই। আয়ুষ্মান ভারত যখন একটি দরিদ্র পরিবারকে ঋণের ভয় ছাড়াই স্বাস্থ্যসেবা পেতে সক্ষম করে, তখন সামাজিক ন্যায়বিচার একটি জীবন্ত বাস্তবতায় পরিণত হয়। যখন মুদ্রা এবং পিএম-স্বনিধি ক্ষুদ্র উদ্যোক্তা এবং হকারদের জামানত-মুক্ত ঋণ প্রদান করে, যখন ইউপিআই-এর মতো ডিজিটাল প্রযুক্তি সমস্ত বিভাজন অতিক্রম করে সকলের কাছে পরিষেবার সুযোগ পৌঁছে দেয়, তখন আমরা অন্তর্ভুক্তির সাংবিধানিক আদর্শকে এগিয়ে নিয়ে যাই।
আমরা সংবিধানে ১০১তম সংশোধনী এনে জিএসটি চালু করেছি, যা একটি দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার। ১০২তম সংশোধনী সমাজের প্রান্তিক শ্রেণিগুলির একটি দীর্ঘকালীন স্বপ্ন পূরণ করে—অনগ্রসর শ্রেণির জন্য জাতীয় কমিশন। ১০৩তম সংশোধনী অর্থনৈতিকভাবে দুর্বল গোষ্ঠীগুলির জন্য সংরক্ষণের সুবিধা প্রদান করে। ১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পরেও, ১৮৬০-এর ঔপনিবেশিক দণ্ডবিধি দেশে কায়েম ছিল। ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র মাধ্যমে আমরা ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করেছি। গত এক দশকে আমরা ‘কর্তব্য’-এর উপর বিশেষ জোর দিয়েছি। ‘স্বচ্ছ ভারত’ থেকে শুরু করে জল সংরক্ষণ ও পরিবেশ রক্ষার মতো বিভিন্ন জন-আন্দোলন এই ‘কর্তব্য’-বোধেরই প্রতিফলন।
তবে, আর একটি বাস্তবতার কথা আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছি। আমাদের ইতিহাসে এমন কিছু সময় এসেছে, যখন সংবিধান রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই একে দুর্বল করার পথ বেছে নিয়েছিলেন। পরিহাসের বিষয় হল, এঁরাই সেই ব্যক্তি, যাঁরা পাঁচ দশক ধরে ভারত শাসন করার সুযোগ পেয়েছিলেন।
১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনের ৭৫ বছর পূর্ণ হল। সেই সময় জনগণের দ্বারা নির্বাচিত নয়, এমন একটি সরকার অন্তর্বর্তীকালীন সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে মৌলিক স্বাধীনতাগুলিকে সংকুচিত করেছিল। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ঠিক কয়েক মাস আগে নেওয়া এই পদক্ষেপটি প্রমাণ করে যে, এর উদ্দেশ্য ছিল নির্বাচনি প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং জনমতকে দমন করা। এছাড়া, জরুরি অবস্থার চরম পর্যায়ে ৪২তম সংবিধান সংশোধনেরও ৫০ বছর পূর্ণ হল। এই সংশোধনী বিচার বিভাগীয় পর্যালোচনার পরিধি কমিয়ে দিয়েছিল এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্যকে আমূল বদলে ফেলেছিল। আমি তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাব, তারা যেন ৩৮তম ও ৩৯তম সংবিধান সংশোধনীগুলি সম্পর্কে পড়াশোনা করে—যাতে তারা বুঝতে পারে যে, ক্ষমতা-লোভী ও সংবিধান-বিরোধী নেতৃত্ব কী ধরনের পদক্ষেপ নিতে পারে।
নির্বাচিত রাজ্য সরকারগুলিকে বরখাস্ত করার জন্য ৩৫৬ নম্বর অনুচ্ছেদের বারবার অপব্যবহার একটি অত্যন্ত উদ্বেগজনক অধ্যায়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝুলিতে ৩৫৬ নম্বর অনুচ্ছেদটি প্রায় একশবার প্রয়োগ করার মতো এক কলঙ্কজনক রেকর্ড রয়েছে; এমনকি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একাই পঞ্চাশবার এটি প্রয়োগ করেছিলেন।
৭০ বছরেরও বেশি সময় ধরে ৩৭০ ও ৩৫এ নম্বর অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীরে পুরো সংবিধান কার্যকর হতে পারেনি, যার ফলে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ২০১৯ সালে এই ঐতিহাসিক ভুল সংশোধন করা সম্ভব হয়েছে।
কয়েক দশক ধরে ভারতের উপজাতি প্রভাবিত এলাকাগুলিতে, নকশালপন্থীরা বন্দুকের জোরে দরিদ্রতম মানুষদের সংবিধানপ্রদত্ত অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। এবছর নকশালবাদের সফল নির্মূল অত্যন্ত আশাব্যঞ্জক। বর্তমানে কেবল কিছু ‘দিমাগী নকশাল’ অবশিষ্ট রয়েছে, যারা সমসাময়িক বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাও আমাদের উন্নয়নের গতিপথকে ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হল, বিরোধী শিবিরের বৃহত্তম দলটি ওবিসি সংরক্ষণ কমিয়ে, তার পরিবর্তে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চায়—যা সংবিধান প্রণেতাদের, বিশেষ করে ডঃ বাবাসাহেব আম্বেদকরের চিন্তাধারার সম্পূর্ণ পরিপন্থী।
আমাদের সংবিধানের যাত্রাপথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন নারীরাও। তবে এ বছরের শুরুর দিকে যা ঘটেছে, তা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আইন প্রণয়নকারী সংস্থাগুলোতে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আনা একটি বিলকে একটি বিরোধী দল পাশ করাতে দেয়নি; যা আবারও সাংবিধানিক মূল্যবোধের প্রতি তাদের অবজ্ঞাকেই ফুটিয়ে তুলেছে। আমি ভারতের ‘নারী শক্তি’-কে আশ্বস্ত করতে চাই যে, তাদের অধিকার নিশ্চিত করার পথে কোনো শক্তিই আমাদের বাধা দিতে পারবে না।
আমাদের সাংবিধানিক গণতন্ত্রে বিরোধী দলের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। দুঃখজনকভাবে, প্রধান বিরোধী দলটি যেন ‘বিরোধ পক্ষ’ (যারা গঠনমূলক বিরোধিতা করে)-এর পরিবর্তে ‘অবরোধ পক্ষ’ (যারা বাধা সৃষ্টি করে)-এ পরিণত হয়েছে। তাদের বোঝা উচিত, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।
আজ ভারত এক নির্ণায়ক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার পথে, দু’টি সহজ অথচ শক্তিশালী নীতি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দিকনির্দেশনা দিতে পারে: চিন্তায় ‘ভারত প্রথম’ এবং কর্মে ‘কর্তব্য’-এর প্রতি নিষ্ঠা। এই নীতিকে পাথেয় করে এবং সংবিধানকে শক্তির উৎস হিসেবে গ্রহণ করে, আমরা আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।


