তৃণমূল কংগ্রেস দলের স্বত্ব ও নির্বাচনী প্রতীক জোড়াফুল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে টানাপোড়েন তুঙ্গে। সেই বিবাদের চূড়ান্ত নিষ্পত্তির আগে আজ বিবাদমান দুই শিবিরকে শুনানিতে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এই আইনি ও সাংবিধানিক ফয়সালার আগেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি মন্তব্য বঙ্গ রাজনীতির বিরোধী পরিসরে নতুন করে অস্বস্তি ও বিভ্রান্তি উসকে দিয়েছে। সেই সুবাদে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পর রাজ্যে প্রকৃত বিরোধী শক্তি কারা? কমিশনের তরফে যুযুধান দুই তৃণমূল শিবিরকে ডেকে পাঠানোর প্রেক্ষাপট বেশ জটিল। গত ৩১ অক্টোবর দুই শিবিরকে একত্রে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তৃণমূলের দুই গোষ্ঠীকেই নথি জমা দেওয়ার জন্য বাড়তি সময় দেওয়ায় সেই শুনানি স্থগিত রাখা হয়েছিল। সেইমতো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’ ৫ নভেম্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ১৫ নভেম্বর কমিশনে হলফনামা ও নথি জমা দেয়। সেই প্রক্রিয়া ঘিরেও থানা-পুলিশ হয়েছে। পাশাপাশি, তৃণমূল ছেড়ে এনসিপিআই’তে যোগ দেওয়া সাংসদদের ব্যাখ্যা সংবলিত চিঠি লোকসভার স্পিকারের কাছে পৌঁছানোর তিন দিনের মধ্যেই কমিশনের এই শুনানির ডাক তাৎপর্যপূর্ণ। প্রতীকের লড়াই যখন আইনি ও সাংবিধানিক পরিসরে চূড়ান্ত পর্বে, ঠিক তখনই শুরু হয়েছে রাজনীতির টানাপোড়েন।
সম্প্রতি বিধাননগরে নিজের কেন্দ্রে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য বিরোধী শিবিরের অন্দরের দ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিয়েছে। শারদ্বতের দাবি, রাজ্যে এখন দু’টি তৃণমূল—একটি ‘মৃত তৃণমূল’, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং কার্যত শেষ। অন্যটি ‘ঋত-তৃণমূল’, যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদে ও হাতের ছোঁয়ায় চলছে। মুখ্যমন্ত্রী হাত নামিয়ে নিলে তাও শেষ হয়ে যাবে। তাঁর আরও বক্তব্য, তৃণমূলের অস্তিত্ব প্রায় নেই। বরং বামপন্থা ও বামপন্থীরাই এখন শাসক বিজেপির আসল প্রতিপক্ষ। এই মন্তব্য ঘিরে তৃণমূল শিবিরের দু’পক্ষই একে অপরকে নিশানা করেছে। মমতা-তৃণমূলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষের দাবি, ঋতব্রত শিবির যে বিজেপির ‘বি-টিম’, স্বাস্থ্যমন্ত্রীর কথায় তাতেই সরকারি সিলমোহর পড়েছে। অতীতে মমতা-তৃণমূলের সাংসদ দোলা সেনও প্রতিদ্বন্দ্বী শিবিরকে বিজেপির এ, বি, সি টিম বলে দাগিয়েছিলেন। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের নেতা ও বিরোধী দলের সচেতক আখরুজ্জামানের পালটা অভিযোগ, কারো দয়ায় তাঁরা জয়ী হননি বা বেঁচে নেই। বরং কালীঘাটের সঙ্গে সমঝোতা করেই শারদ্বত তাঁদের কলুষিত করার চেষ্টা করছেন। এদিকে বাম শিবির এই বিতর্ককে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরার সুযোগ হিসাবে দেখছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্যে স্পষ্ট, বামেদের ভয় থেকেই শাসক দলের নেতার মুখে এই স্বীকারোক্তি বেরিয়ে এসেছে। বিতর্ক সামলাতে বিজেপি নেতৃত্বের মধ্যেও ভিন্ন সুর দেখা গিয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের মতে, বিরোধীরা অস্তিত্বহীন—মন্ত্রীর কথার মূল সুর সেটাই। মুখপাত্র কেয়া ঘোষ সব দলের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, তৃণমূল কখনোই রাজনৈতিক দল ছিল না এবং তার যা পরিণতি হওয়ার, তা-ই হয়েছে।
সমগ্র ঘটনাপ্রবাহে প্রশ্নের মুখে বিরোধী রাজনীতির বিশ্বাসযোগ্যতা। একদিকে প্রতীক ও আইনি স্বত্বের লড়াইয়ে ব্যস্ত দুই তৃণমূল শিবির পরস্পরকে শাসক দলের ‘সমঝোতা’ বা ‘বি-টিম’ তকমা দিচ্ছে, অন্যদিকে শাসক শিবিরের নেতার মন্তব্যে সেই পারস্পরিক অবিশ্বাস আরও উসকে যাচ্ছে। বামপন্থীরা নিজেদের নতুন প্রতিপক্ষ হিসাবে তুলে ধরার চেষ্টা করলেও, সংখ্যাগরিষ্ঠ বিরোধী আসনের দাবিদারদের নিজেদের ঘর গোছানো ও অবস্থান স্পষ্ট করা নিয়েই বড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের শুনানিতে প্রতীকের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, তা আইনি বিষয়ের উপর নির্ভর করবে। কিন্তু তার চেয়েও বড়ো প্রশ্ন থেকে যাচ্ছে রাজপথ ও বিধানসভার রাজনীতিতে। শাসক দলের চাপ ও নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে বিরোধী ‘তৃণমূল’ শিবির যদি নিজেদের স্বতন্ত্র অবস্থান ও বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে ‘আসল বিরোধী কে’—সাধারণ মানুষের মনে এই সংশয় আরও গভীর হবে।


