নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনা চলছে। কিন্তু ওই চুক্তি কবে চূড়ান্ত হবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এরইমধ্যে তাৎপর্যপূর্ণ বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, সঠিক দিশাতেই এগচ্ছে আলোচনা। খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে মার্কিন সংস্থাগুলি ভারতের বাজারে আরও বেশি প্রবেশাধিকার পাবে। ঠিক যেমন হয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তিতে। ভারত ও আমেরিকার চুক্তির মূল লক্ষ্য হল পারস্পরিক আমদানি শুল্কের হার ২০ শতাংশের নীচে রাখা। এরইমধ্যে ট্রাম্প বলেছেন, ‘আমাদের সঙ্গে ইন্দোনেশিয়ার চুক্তি হয়েছে। আমরা সেদেশের বাজারে পূর্ণ প্রবেশাধিকারের সুযোগ পেতে চলেছি। ভারতও একই পথে হাঁটছে। ওদের বাজারেও আমরা প্রবেশাধিকার পেতে চলেছি।’ উল্লেখ্য, গত ২এপ্রিল ভারতসহ বেশকিছু দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। তবে তা স্থগিত রাখা হয়। প্রথমে ৯জুলাই অবধি, পরে ১ আগস্ট পর্যন্ত। যদিও ভারত কোনও অবস্থাতেই তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষর করবে না বলে আগেই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। এক্ষেত্রে দেশের স্বার্থরক্ষাই অগ্রাধিকার বলে জানিয়েছে কেন্দ্র।



