ডাকঘরে এবার বাধ্যতামূলক ই-কেওয়াইসি
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ডাকঘরের সব সঞ্চয় প্রকল্পেই এবার ই-কেওয়াইসি বাধ্যতামূলক করল কেন্দ্র। রেকারিং ডিপোজিট, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ফিক্সর্ড ডিপোজিট, কিষাণ বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মতো কোনো প্রকল্পই আর বাদ থাকছে না। যাঁদের অ্যাকাউন্টে এখনও ই-কেওয়াইসি হয়নি, তাঁদের দ্রুত তা সেরে ফেলতে হবে। মোবাইল নম্বর লিঙ্ক করাটাও বাধ্যতামূলক।

Advertisement

ডাক বিভাগের আর্থিক সব সার্কলকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, যে সব সিআইএফ বা কাস্টমার ইনফরমেশন ফাইলে এখনও ই-কেওয়াইসি হয়নি, সেগুলি চিহ্নিত করে কেওয়াইসি প্রক্রিয়া শেষ করতে হবে। আর যেখানে মোবাইল নম্বর লিঙ্ক নেই, সেখানে তা জুড়তে হবে। কিন্তু কেন এত তাড়া? ডাক বিভাগের নিজের হিসাবেই স্পষ্ট। সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, দেশে মোট সিআইএফ প্রায় ২২.৯৪ কোটি। অর্থাৎ এই বিপুল সংখ্যক সঞ্চয় প্রকল্প চালু আছে। তার মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে মাত্র ২০.২৯ লক্ষ ফাইলে। শতকরা হিসাবে মাত্র ০.৮৮ শতাংশ। অর্থাৎ ১০০টি অ্যাকাউন্টের মধ্যে একটিরও ই-কেওয়াইসি হয়নি। মোবাইল লিঙ্কের ছবিটাও আশাপ্রদ নয়। দেশে মোট ২২.৯৪ কোটি সিআইএফ-এর মধ্যে মোবাইল লিঙ্ক আছে প্রায় ১৫.০৪ কোটির।
পশ্চিমবঙ্গে কী অবস্থা? দপ্তর জানাচ্ছে, দেশের গড়ের থেকেও পিছিয়ে বাংলা। রাজ্যে মোট সিআইএফ প্রায় ১.৬৯ কোটি। তার মধ্যে ই-কেওয়াইসি হয়েছে মাত্র ৩৬ হাজার।  বাংলার অবস্থা তুলনামূলকভাবে ভালো তবে মোবাইল নম্বর লিঙ্কের ক্ষেত্রে। ১.৬৯ কোটি সিআইএফ-এর মধ্যে মোবাইল লিঙ্ক আছে ১.৩১ কোটির। 
ডাক বিভাগের বক্তব্য, ই-কেওয়াইসি আর মোবাইল লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে প্রতারণা, ভুল লেনদেন, সন্দেহজনক লেনদেন ধরা কঠিন। গ্রাহকও সময়মতো এসএমএস, ওটিপি, অ্যাকাউন্টের তথ্য পান না। এই দুর্বলতা দূর করতেই অভিযান। ডাকঘরের কর্মীদের একাংশ অবশ্য বলছেন, কাজটা সহজ নয়। অনেক পুরানো অ্যাকাউন্টে আধার, ঠিকানা, মোবাইল নম্বর আপডেট নেই। অনেক গ্রাহক বয়স্ক, গ্রামে থাকেন, ডাকঘরে আসতে পারেন না। কেউ কেউ নম্বর বদলেছেন, কিন্তু জানাননি। তবু নির্দেশ স্পষ্ট—১০০ শতাংশ ই-কেওয়াইসি ও মোবাইল লিঙ্ক শেষ করতেই হবে।