কলকাতায় দাম কমল সোনার
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পড়ল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৩০০ টাকা। বুধবার ভাইফোঁটার কারণে সোনার বুলিয়ান বা পাইকারি বাজার বন্ধ ছিল। তার আগের দিন মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৯০০ টাকা। অর্থাৎ দুদিনের তফাতে দাম কমেছে ১০ গ্রাম পিছু ৪ হাজার ৬০০ টাকা। এদিন  ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা। মঙ্গলবারের তুলনায় এক্ষেত্রেও ১০ গ্রামপিছু দাম কমেছে ৪ হাজার ৪০০ টাকা।

Advertisement

নভেম্বরের গোড়া থেকেই সোনার দাম কমতে শুরু করেছিল একটু করে। ধনতেরাসের আগে হলুদ ধাতুর নিম্নমুখী দর হাসি ফোটাতে শুরু করে ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই। পরে অবশ্য দর আবারও চড়তে শুরু করে। ফের তা নামতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরে আমেরিকায় ভোগ্যপণ্যের দাম বেড়েছে ০.৪ শতাংশ। কিন্তু অনুমান করা হয়েছিল, তা বাড়বে ০.৩ শতাংশ হারে। পূর্বাভাসরে চেয়ে বেশি হারে মূল্যবৃদ্ধির খবর আসতেই অস্থির হয় বিশ্ব বাজার। এরপরই জোরালো আশঙ্কা হয়, ডিসেম্বরে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াবে। সুদ বাড়লে ডলার আর বন্ড বেশি লাভজনক হয়ে ওঠে। বিনিয়োগকারীরা তখন সোনা থেকে টাকা তুলে ডলার আর বন্ডের দিকে লগ্নি করেন। একই সঙ্গে ডলার উঠেছে ১৯ মাসের মধ্যে সবচেয়ে উপরে। এদিকে লগ্নিকারীদের নজর এখন আমেরিকার প্রোডিউসার প্রাইস ইনডেক্সের (পিপিআই) দিকে। এই তথ্য সামনে এলে মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে। ডিসেম্বরের সুদ নিয়েও আরও স্পষ্ট ইঙ্গিতও মিলবে। লগ্নিকারীদের নজরও এখন সেদিকে। ফলে আগামী দিনে সোনার দামেও তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।