অগ্নিমূল্য পেঁয়াজ-রসুন, রিজার্ভ ব্যাংকের সীমা ভেঙে দু’বছরে মধ্যে সর্বোচ্চ খুচরো মূদ্রাস্ফীতি, গাড়ি-বাড়ি ঋণে সুদ বাড়ার আশঙ্কা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির আঁচে হিমশিম আমজনতা। এরইমধ্যে অস্বস্তি বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানেই। খাদ্যপণ্য, বিশেষ করে পেঁয়াজ ও রসুনের আকাশছোঁয়া দামের হাত ধরে ফের লাফিয়ে বাড়ল খুচরো বাজারে মুদ্রাস্ফীতি। গত সেপ্টেম্বরে ক্রেতা মূল্য সূচক (সিপিআই) ভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ৫.৫৪ শতাংশ। অক্টোবরে তা আরও বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ। তা রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সহনশীলতার সীমা ছাপিয়ে গিয়েছে।  ২০২৪ সালের অক্টোবর মাসে শেষবার এই হার ৬ শতাংশ (৬.২৫) অতিক্রম করেছিল। অর্থাৎ দু’বছরের মধ্যে এই হার সর্বোচ্চ। এই আবহে আগামী মাসে আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটির বৈঠক রয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে সেখানে রেপো রেট দশমিক ২৫ শতাংশ বাড়ানো হতে পারে। তেমন হলে গাড়ি-বাড়ির ঋণে ইএমআইয়ের বোঝা বাড়বে মধ্যবিত্তর। 

Advertisement

সামগ্রিকভাবে মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে নিশানা করেছে কংগ্রেস। হাত শিবিরের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলতেন, সব চাঙ্গা সি (সব ঠিক আছে)। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সব মেহেঙ্গা সি (সব জিনিসই অগ্নিমূল্য)। কংগ্রেস নেতা জয়রাম রমেশের তোপ, দুধ, চাল, ময়দা, তেল, পেঁয়াজ, আলু, টম্যাটো, চিনি, ঘি সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। মোদি সরকার আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, মূল্যবৃদ্ধির ধাক্কায় গরিব ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। এরইমধ্যে চড়া খুচরো মুদ্রাস্ফীতি নিয়েও মোদি সরকারকে একহাত নিয়েছে হাত শিবির।  তারা বলেছে, মোদিজি ঠিক করে নিয়েছেন, তাঁর সরকার সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির জাঁতাকলে পিষবে।       
অক্টোবর মাসের বিভিন্ন মূল্য সূচক সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক। তারা জানিয়েছে, সেপ্টেম্বর মাসে খাদ্যদ্রব্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৪ শতাংশ। পণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের (১১৬.২২ শতাংশ)। তালিকায় এর পরেই রয়েছে রসুন (৬০.৭৪ শতাংশ), রুপোর গয়না (৫২.৩৯ শতাংশ), আদা (৪৮.৩২ শতাংশ) ও লেবু (৪৭.৩০ শতাংশ)। মূদ্রাস্ফীতিতে ৬ শতাংশ পর্যন্তই রিজার্ভ ব্যাংক নির্ধারিত সহনশীলতার সীমা।  কিন্তু, অক্টোবরে খুচরো মূদ্রাস্ফীতি সেই মাপকাঠিকে টপকে গিয়েছে। দীর্ঘ প্রায় ৪ বছর পর অক্টোবর মাসে রেপো রেট দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছিল আরবিআই। খুচরো মুদ্রাস্ফীতি মাথা তোলায় সেই হার ফের বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।