দু’দিনে ৭২ হাজার কোটির সোনা বিক্রি, ধনতেরস ও দীপাবলিতে শিখরে বাজার, ৫২ টনের কেনাকাটা দেশবাসীর
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পার্বণে ‘গোল্ড রাশ’। ভারতজুড়ে। ধনতেরস ও দীপাবলির পুণ্যলগ্নে সোনার কেনাকাটায় জোয়ার। ভাসল গোটা দেশ। পাল্লা দিয়ে বাড়ল রুপোর বিক্রিবাটাও। মহার্ঘ দুই ধাতুর দর রেকর্ড উচ্চতা থেকে নেমে সম্প্রতি অনেকটাই থিতু হয়েছে। তারই সুফল দেখল বাজার। গত বছরের ধনতেরস-দীপাবলি পার্বণের তুলনায় এবার একলাফে ৩০ শতাংশ বেড়েছে সোনার চাহিদা। রুপোর চাহিদা বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। বিক্রিবাটার পরিমাণ হিসাব কষে এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ)। তাদের দাবি, বিয়ের মরশুম শুরুর মুখে মন্দার মেঘ সরিয়ে সোনা-রুপোর বাজার পুনরুজ্জীবনের ইঙ্গিত দিচ্ছে এই প্রবণতা। কিন্তু, ধনতেরস-দীপাবলির এই পর্বে বিক্রিবাটার প্রকৃত চেহারাটা ঠিক কেমন? আইবিজেএ জানাচ্ছে, উৎসবের এই দু’দিনে মোট ৫২ টন সোনা কিনেছে আম জনতা। এর আর্থিক মূল্য ৭২ হাজার কোটি টাকা! জোয়ার এসেছে রুপোর ব্যবসাতেও। বিক্রি হয়েছে ৩০০ টন। বাজারমূল্য ৫ হাজার ৪০০ কোটি টাকা।

Advertisement

এর মাঝে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল সোনার দর। প্রতি ১০ গ্রামের দাম ছুঁয়েছিল প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। তবে, সম্প্রতি তা দ্রুতগতিতে নামতে শুরু করে। পার্বণের মুহূর্তে তা উল্লেখযোগ্যভাবে কমে হয় ১ লক্ষ ৩১ হাজার টাকা। দাম বেশ কিছুটা নাগালে চলে আসা মাত্রই ফের বাজারমুখী হয়েছেন ক্রেতাকুল। উৎসেচকের কাজ করেছে বিয়ের মরশুম। আইবিজেএ-র জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলেন, ‘সম্প্রতি বাজারে চাহিদা বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে সাড়া দিয়ে বহু ক্রেতাই সোনা কেনা স্থগিত রেখেছিলেন। তবে চলতি বছরের ধনতেরস ও দীপাবলিতে গহনা প্রস্তুতকারকরা ভালোই ব্যবসা করেছেন। বর্তমানে দাম অনেকটাই কমেছে। তবে তা আবার ঊর্ধ্বমুখী হতে পারে। কারণ, অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় মানুষ সোনা কিনতে শুরু করেছে। এই মুহূর্তে অবশ্য কেনাকাটার এই জোয়ার বহাল রয়েছে।’
এবছর ধনতেরস ছিল ৬ নভেম্বর, দীপাবলি ৮ তারিখ। দুই পার্বণই মাসের শুরুতে হওয়ায় বেতন ও উৎসব বোনাসের টাকা হাতে এসেছিল আম জনতার। ফলে কেনাকাটায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একইসঙ্গে গত চার-ছ’মাস ধরে সোনার দাম নিম্নমুখী। এই জোড়া ফ্যাক্টরে বাজারে নগদের জোগান বেড়েছে, কেনাকাটায় আগ্রহ তৈরি হয়েছে—এই দাবি অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান রাজেশ রোকডের। ব্যবসার প্রবণতা বিশ্লেষণ করে বেঙ্গালুরুর সি কৃষ্ণাইয়া চেটি জুয়েলার্সের দাবি, গত এক দশকের নিরিখে এবছর উৎসবের মরশুমে সোনা বিক্রির পরিমাণ ছিল তৃতীয় সর্বোচ্চ।
শুধু সোনা-রুপো নয়, ভালো পারফরম্যান্স দেখিয়েছি প্রাকৃতিক হিরেও। বিক্রিবাটার পরিমাণ বিগত আট বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ধনতেরসে খুচরো ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে ২৫০ শতাংশ। দীপাবলিতে বৃদ্ধি পেয়েছে ৪৭ শতাংশ। এই পরিসংখ্যানও সমান গুরুত্বপূর্ণ। কারণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রাকৃতিক হিরে সরবরাহে বিঘ্ন ঘটে। একইসঙ্গে পরীক্ষাগারে তৈরি বিকল্প হিরের কারণেও প্রতিযোগিতা বাড়ছে প্রাকৃতিক হীরকের। তবে এই জোড়া বাধা সত্ত্বেও আলোর উৎসবে জ্যোতি ছড়িয়েছে তার বিক্রি।