Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রাতভর দেহ রেখে বিক্ষোভ

তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রাতভর দেহ রেখে বিক্ষোভ
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রাতভর রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে চলল দেহ রেখে বিক্ষোভ। তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ শুরু হয়। পুলিস ও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ দফায় দফায় আলোচনায় বসলেও সমস্যার সমাধান হয়নি। দুই যুবকের মৃতদেহ গেটের সামনে রেখে সারারাত ধরে বিক্ষোভ চলে। ঠান্ডার হাত থেকে বাঁচতে জ্বালানো হয় আগুন। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ চাকরির আশ্বাস দেওয়া হলে ভোর ৩টে নাগাদ বিক্ষোভ ওঠে।
Advertisement
‌ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে রঘুনাথপুর থানা এলাকার নতুনডি থেকে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র যাওয়ার রাস্তায় একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় তাপস বাউরি(২৮) এবং প্রসেনজিৎ মল্লিকের(২৭)মৃত্যু হয়। মৃতদের মধ্যে তাপসের বাড়ি রঘুনাথপুর থানার পাবড়া গ্রামে এবং প্রসেনজিতের বাড়ি নিতুড়িয়া থানার নাড়াগোড়িয়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনও গাড়ির ধাক্কাতেই দুই যুবকের মৃত্যু হয়েছে। তাই তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের দাবি জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘ ১০ ঘণ্টা বিক্ষোভ চলে।
মৃত তাপসের কাকা রঞ্জিত বাউরি বলেন, মৃতদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে। প্রশাসনের তরফে তিন মাসের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই পরিবারের দু’জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপরই আমরা আন্দোলন থেকে সরে আসি। 
পুলিস জানিয়েছে, দুই যুবকের কীভাবে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিসের তরফে যতটা সম্ভব দুই পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ