প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের ছোট্ট চঞ্চলা নদী ডুলুং। বেলপাহাড়ীর ডুলুংডিহার সুবুজ উপত্যকা নদীর উৎসস্থল। পাহাড় ও গভীর জঙ্গলের পথে ডুলুং প্রবাহিত হয়ে সুবর্ণরেখায় মিশেছে। সাঁওতালি ভাষায় ডুলুংয়ের অর্থ একাকী এক শিশুর নির্জনে পথ চলা। বর্ষা আসলেই সেই একাকী শিশু যেন চঞ্চলা ওঠে। আর সেই উৎসস্থল দেখতেই দূরদূরান্তের পর্যটকরা ভিড় জমাচ্ছেন ডুলুংডিহায়।
বিনপুর-২ ব্লকের শিমুলপাল গ্ৰাম পঞ্চায়েতের ছোট্ট গ্ৰাম ডুলুংডিহা। গ্ৰামের চারদিকে রয়েছে পাহাড়শ্রেণি। অনান্য এলাকা থেকে জায়গাটিকে বিচ্ছিন্ন করে রেখেছে। পাহাড় শ্রেণি ও উপত্যকার পথে কটুচুয়া, ঢাঙ্গিচুয়া, অদলচুয়া, বালিচুয়া, নটাচুয়া, আদিবাসী জনজাতিদের ছোটো ছোটো গ্ৰাম রয়েছে। চুয়া শব্দের অর্থ পাথুরে ভূমি বা পাথর চুয়ে জল বের হওয়া। একাধিক পাহাড়শ্রেণি থেকে জলধারা চুয়ে এসে ডুলুংডিহা সবুজ উপত্যকায় এসে জমা হয়। নদীর আর একটি উৎসস্থল কটুচুয়া। উৎসস্থলের জল দক্ষিণ দিকে ঠাকুরান পাহাড়ি হয়ে শিমুলপাল, মাছকান্দা, কাকরিঝর্ণা গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রাঙামাটিয়া ও ডররা গ্রামের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করেছে। এখানে তৈরি হয়েছে একটি ছোট্ট জলাধার। নদীর এই উৎস ও প্রবাহ পথের দু’পাশেই রয়েছে বেলপাহাড়ি একাধিক পর্যটন স্থল। খাদান ডুংরি, চিতি পাহাড়, জঙ্গল চৌকিশাল পাহাড়, কানাইসর পাহাড়, হাঁসা ডুংরি। পাহাড়শ্রেণি ও গভীর জঙ্গলের মধ্যে ডুলুংডিহা, ঠাকুরান পাহাড়ি, বালিচুঁয়ার মধ্যবর্তি স্থান উপত্যকার চেহারা নিয়েছে। বর্ষার সময় সমগ্ৰ উপত্যকা সবুজ ঘাস জমিতে ভরে যায়। কাঁটা ডুংরি চিতিপাহাড় থেকে ডুলুংডিহা বিস্তৃর্ণ উপত্যকা দেখা যায়। উপত্যকার পথ পেরিয়ে ডুলুং নদী বিনপুর ২ নম্বর ব্লক, জামবনি ব্লক, ঝাড়গ্রাম ব্লক, গোপীবল্লভপুর-২ ও সাঁকরাইলের ডুবলাকোনা, ঝিঙাশোল, মধুপুর রোহিণী, কোদপাল হয়ে সুবর্ণরেখা নদীতে মিশেছে। ডুলুংডিহা এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের সনাতন হেমব্রম বলেন, পাহাড় শ্রেণি থেকে জল নেমে এসে এই এলাকায় জমা হয়। জল যেসব জায়গা দিয়ে চুয়ে নামছে, সেখানে গ্ৰামগুলি গড়ে উঠেছে। পাহাড় থেকে চুয়ে নেমে আসা জল আমরা ব্যবহার করি। বনের জীবজন্তু রাও এই জল খায়। আমাদের এই এলাকায় পাহাড় পুজোর উৎসব চলছে। পুজোতে ডুলং নদীর জলই সবাই ব্যবহার করা হয়। আগে এইসব এলাকায় লোকজন বেশি আসত না। এখন অল্পস্বল্প লোকজন আসছেন। বেলপাহাড়ী হোটেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, বেলপাহাড়ী ডুলুংডিহা প্রত্যন্ত এলাকার। ডুলুং নদীর উৎসস্থলের কথা আগে বেশি মানুষ জানতেন না। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় পর্যটক আসছে। বর্ষায় পর্যটক আসা শুরু করে দিয়েছে। পর্যটনস্থল হিসেবে জায়গাটি গড়ে তুললে বহু পর্যটক আসতে পারবেন। ডুলুংডিহার সবুজ উপত্যকার কথা ধীরে হলেও বাইরের মানুষ জানতে পারছেন।



