Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমন্তের শিশির মেখে পর্যটকের ভিড় মুর্শিদাবাদে

হেমন্ত এসে গিয়েছে। গত কয়েকদিন ধরে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। হেমন্তের শিশির মেখে নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলিতে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন।

হেমন্তের শিশির মেখে পর্যটকের ভিড় মুর্শিদাবাদে
  • ২৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: হেমন্ত এসে গিয়েছে। গত কয়েকদিন ধরে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। হেমন্তের শিশির মেখে নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলিতে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। শীতের মরশুমের আগেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করায় রীতিমতো খুশির হাওয়া পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষের মধ্যে। চলতি বছরে শীতের মরশুমে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ, মোতঝিল প্রভৃতি দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নামবে এমন আশায় বুক বাঁধছেন তাঁরা। 

Advertisement

রাজ্য পর্যটন মানচিত্রে অন্যতম স্পট সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বুকে ছড়িয়ে রয়েছে নবাব এবং তৎকালীন জমিদারদের একাধিক স্থাপত্য নিদর্শন। নবাব ও জমিদারদের স্থাপত্য নিদর্শনগুলি দেশ-বিদেশের পর্যটকদের কাছে গত বেশ কয়েক দশক ধরে অন্যতম প্রধান গন্তব্যস্থল হয়ে উঠেছে। স্থাপত্য নিদর্শনের টানেই পর্যটকরা বছরভর মুর্শিদাবাদে আসেন। চলতি বছরে মার্চে শীতের মরশুম শেষ হতেই পর্যটক সংখ্যা তলানিতে ঠেকেছিল। ফলে নবাবের শহরের পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষের রুজি রোজগারে টান পড়েছিল। তবে ঈদে দিন কয়েক পর্যটক সমাগম হয়েছিল। এদিকে প্রত্যাশামতো পুজোর মরশুম থেকে মুর্শিদাবাদের পর্যটন শিল্প ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পুজো থেকে পরবর্তী কয়েকদিন নবাবের শহরে পর্যটকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শীতের হালকা আমেজ পড়তেই পর্যটকরা আসতে শুরু করেছেন। প্রতিদিন ছোট গাড়ি, ট্রেন এবং বাসে চেপে পর্যটকরা আসছেন। রবিবার ছুটির দিনে পর্যটকদের ভিড় অন্যদিনের তুলনায় অনেকটাই বেশি ছিল। হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন একটি হোটেল মালিক স্বপন দাস বলেন, শীতের মরশুমের জন্য এখন থেকেই ঘর বুকিং শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ভিড় হচ্ছে। টাঙ্গাচালক গদাধর মণ্ডল বলেন, পুজোয় বেশ কয়েকদিন ভালো ভিড় হয়েছিল। এদিকে হালকা শীত পড়তেই পর্যটকরা আসতে শুরু করেছেন। হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের এক কর্মী বলেন, গত কয়েকদিন ধরে থেকে প্রতিদিন গড়ে ৩-৪ হাজার টিকিট বিক্রি হচ্ছে। শীতের ভরা মরশুমে পর্যটকের ঢল নামবে বলে আশা করা যেতেই পারে। মুর্শিদাবাদ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, শহরের পর্যটকদের উপর কয়েক হাজার পরিবারের জীবনঅজীবিকা নির্ভর করে। বিশেষ করে তাঁরা শীতের মরশুমের দিকে তাকিয়ে থাকেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ