নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ, শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে শহরের সুদর্শনপুর এলাকায় একটি সাইকেল ফ্যাক্টরিতে। কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক কিমি দূর থেকে দেখা যায়। আগুন লাগার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। অকুস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশও। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দমকলের পাশাপাশি যথাযথ কাজ শুরু করেন পুলিশ কর্মীরাও। ততক্ষণে আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে, সুদর্শনপুরের ওই ফ্যাক্টরিতে প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল। সেজন্যই আগুন দ্রুত কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে। আপাতত আগুন নেভানোর কাজ চলছে। প্রচুর মানুষজন ঘটনাস্থলের কাছে জড়ো হয়েছেন।



