Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ন্তীগামী বাসে পর্যটক তোলা যাবে না, নির্দেশিকা বনদপ্তরের

বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ নিষেধ। বনদপ্তরের নির্দেশে জয়ন্তী বাসে বহিরাগত ওঠানো যাবে না। বিস্তারিত পড়ুন।

জয়ন্তীগামী বাসে পর্যটক তোলা যাবে না, নির্দেশিকা বনদপ্তরের
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বর্ষা ও বন্যপ্রাণীদের প্রজননের কারণে আগামী তিন মাস সারা দেশের সঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলও বন্ধ রয়েছে। এই সময় জঙ্গলে বহিরাগত বা পর্যটকদের প্রবেশ নিষেধ। কিন্তু বক্সার কোর এলাকায় থাকা জয়ন্তী, বক্সাদুয়ার, ২৮ মাইল বা ২৯ মাইল এলাকার স্থায়ী বাসিন্দাদের যাতায়াতে কোনো সমস্যা নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আলিপুরদুয়ার ডিপো থেকে একটিমাত্র বাস দু’বেলা জয়ন্তী পর্যন্ত যাতায়াত করে। ওই বাসেই বক্সার কোর এলাকার বাসিন্দারা শহরে যাতায়াত করেন। কিন্তু বনদপ্তর নির্দেশিকা জারি করেছে বাসে কোনো বহিরাগত বা পর্যটক যাতায়াত করতে পারবেন না। 

Advertisement

বনদপ্তরের এই নির্দেশে ফাঁপরে পড়েছেন এনবিএসটিসি’র চালক-কন্ডাক্টররা। কারণ বনদপ্তর বনবস্তির বাসিন্দাদের কোনো পরিচয়পত্র দেয়নি। ফলে বাসে কারা বনবস্তির বাসিন্দা আর কারা পর্যটক তা যাচাই করা মুশকিল বলে জানান সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টর। যদিও এনবিএসটিসি’র এক আধিকারিক বলেন, যে বাসটি আলিপুরদুয়ার-জয়ন্তী যাতায়াত করে দীর্ঘদিন যাওয়া আসার সুবাদে সেই বাসের চালক ও কন্ডাক্টর বনবস্তিবাসীদের ভালো করেই চেনেন। ফলে আমরা যাত্রী বাছাইয়ের কাজটি তাঁদের উপরেই ছেড়ে দিয়েছি। আমরা সরকারি নির্দেশ মানতে বাধ্য। 
এদিকে, সমতল থেকে ২৯০০ ফুট উচ্চতায় হিমালয়ের সিঞ্চুলা রেঞ্জে বক্সা পাহাড়ের পর্যটন কেন্দ্র লেপচাখার তোবগাঁও ৪ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি বেআইনি নির্মাণকে নোটিস দিয়েছে বনদপ্তর। যদিও বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, বনের আইনে জঙ্গলের কোর এলাকায় কোনো হোমস্টে ও বাণিজ্যিক নির্মাণ সম্পূর্ণ বেআইনি। তবু লেপচাখার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখছি আমরা। আর বন্যপ্রাণীদের প্রজনন ও বর্ষার কারণে চিরাচরিত নিয়মেই জঙ্গল তিন মাস বন্ধ থাকে। সেই জন্য এই সময় পর্যটক ও বাইরের কাউকে জঙ্গলে ঢুকতে দেওয়া হয় না। তবে আলিপুরদুয়ার-জয়ন্তী যাতায়াতে বাসে যাতে বনবস্তিবাসীদের কাউকে যাতে হেনস্তা হতে না হয় বনদপ্তর তা সুনিশ্চিত করবে।           

Advertisement
সম্পর্কিত সংবাদ