সংবাদদাতা, কাঁথি: জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর সৈকতশহর দীঘায় পর্যটক সমাগম বহুগুণ বেড়ে গিয়েছে। পর্যটকদের সুবিধার্থে এবার ‘ট্যুরিস্ট গাইড বুক’ চালু করল দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। রবিবার দীঘার একটি বেসরকারি লজের প্রেক্ষাগৃহে অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই গাইড বুক প্রকাশ হয়। সেখানে হোটেল সংগঠনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভায় হোটেল-লজগুলির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। গাইড বুকে দীঘার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি উল্লেখ রয়েছে। এছাড়া হোটেলের ঘরভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগের মোকাবিলায় দীঘা, শঙ্করপুর এলাকার সমস্ত হোটেলের ছবি সহ ফোন নম্বর এবং ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। সরাসরি হোটেলের নম্বরে ফোন করে রুম বুক করতে পারবেন পর্যটকরা। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার(ডিএসডিএ) কাছে কীভাবে সাধারণ পর্যটকরা অভিযোগ জানাবেন, তা জানানো হয়েছে। এতে হোটেলের ভাড়ার ক্ষেত্রে কালোবাজারি বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। উল্লেখ্য, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই প্রতিনিয়ত হোটেল-লজগুলির বিরুদ্ধে রুম ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠছিল। কালোবাজারি রুখতে হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর ডিএসডিএর পক্ষ থেকে ভাড়ার তালিকা হোটেলের সামনে টাঙানোর নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি বিধানসভার ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি দীঘার হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে। সেখানেও কালোবাজারি রুখতে কড়া নির্দেশ দেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।



