সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে অবৈধভাবে চলা পাব ও বারের বিরুদ্ধে পুলিশকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিএসএনএল কর্মী আবাসনের সামনে বেআইনি পার্কিং, মদের আসর এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করতেও পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার ভক্তিনগর থানায় বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের পক্ষ থেকে এক স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করা হয়, থানা এলাকায় একাধিক পাব ও বারে গভীর রাত পর্যন্ত অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড চলছে। সংগঠনের দাবি, কিছু পাবে যুবসমাজকে মাদকাসক্ত করার পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়া একটি পাবে ব্যক্তিগত অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে তোলা ছবি বড়ো পর্দায় দেখিয়ে নিজেদের প্রভাবশালী হিসাবে তুলে ধরারও অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে শংকর ঘোষ বলেন, অভিযোগের কথা জানার পরই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, শুক্রবার রাতে শহরের বিভিন্ন পাবে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত কোনো বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলেনি। তবে মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো পাবে বেআইনি কাজ চললে বা কেউ রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠতার অজুহাতে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এদিকে, এক অনুষ্ঠানে বিএসএনএল কোয়ার্টার এলাকার বাসিন্দা, বিশেষ করে মহিলাদের অভিযোগ শোনেন শংকর ঘোষ। তাঁদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর এলাকায় মদের আসর বসে, বহু গাড়ি বেআইনিভাবে পার্কিং করা হয় এবং ড্রেনের ধারে প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনাও ঘটে। এর ফলে বাসিন্দাদের যাতায়াতে সমস্যা, পরিবেশ দূষণ এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।