পুকুর থেকে মিলল দুই বন্ধুর দেহ, চাঞ্চল্য এলাকায়
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১২:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সাতসকালে মালদহের কাজিগ্রামের এক পুকুর থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার। পাশাপশি ওই পুকুরেই মিলল এক বন্ধুর সদ্য কেনা বাইক। মৃতের নাম ভাস্কর চৌধুরী (২৮) ও অনুপ চৌধুরী (২৬)। এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন এই দুজন যুবক। এদের মধ্যে অনুপের বাড়ি খাসকোল গ্রামে এবং ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা। দুইজনের বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ১০ কিমি। ভাস্কর পরিযায়ী শ্রমিক। বেঙ্গালুরুতে কাজ করতেন। কালীপুজোয় বাড়ি এসেছিলেন তিনি। পাশাপাশি অনুপ ঝাড়খন্ডে মাছের ব্যবসা করতেন। সিজন না থাকায় আড়াই মাস বাড়িতেই ছিলেন। দুইজনের মধ্যে কেউই বিয়ে করেননি। বছর দুয়েক ধরে দুজনের মধ্যে কোনোভাবে একটি বন্ধুত্ব গড়ে ওঠে। কালীপুজোর মেলায় ভাস্করের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইক নিয়ে বের হন অনুপ। এরপর বাইকে করে তিনি ভাস্করের বাড়িতেও আসেন। তারপর দুইজন মিলে বের হন। পাশাপাশি অন্য একটি বাইকে ছিলেন ভাস্করের আরেক বন্ধু। রাস্তায় তারা মদ্যপান করেন বলেও জানা গিয়েছে। কিছুক্ষণ পরই ভাস্কর ও অনুপের মোবাইল সুইচড অফ হয়ে যায়। ঘটনার রাতে বাড়ি ফিরে আসেন অন্য বাইকে থাকা ভাস্করের বন্ধু রোহিত। অন্যদিকে বাড়ি ফেরেননি ভাস্কর ও অনুপ। আজ শুক্রবার  ভাস্করের বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে একটি পুকুরে দুজনের দেহ ভেসে ওঠে। এরপর পুলিশ দেহগুলি উদ্ধার করে মালদহ মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুলিশ রোহিতকে আটক করেছে। কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।