নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূল আমলে শিলিগুড়িতে বেআইনিভাবে একাধিক বিল্ডিং তৈরি করা হয়েছিল। সেই বেআইনিভাবে নির্মিত বিল্ডিংয়ের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আধিকারিকদের একাংশের পাশাপাশি তৎকালীন বোর্ডের অনেকে এর সঙ্গে যুক্ত, এবার এসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।
এই ঘটনার পিছনে বিপুল অর্থের লেনদেন থাকতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও জানান, এই বেআইনি কাজে যুক্ত বা যারা মদত দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বেআইনি বিল্ডিংয়ের তালিকা পুরমন্ত্রীর কাছে ইতিমধ্যেই পাঠানো হচ্ছে। অনুমতি ছাড়া শহরে হোর্ডিং লাগানো এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নামে প্ল্যান পাশ করিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার, এইসব ক্ষেত্রেও নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ এমনটাই বার্তা দেন শংকর ঘোষ। পাশাপাশি শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব বলেন বোর্ড মিটিংয়ে পাশ না হওয়া কোনো বিল্ডিং প্ল্যান পাশ হয়নি। সেই বোর্ড মিটিংয়ে বিজেপির কাউন্সিলাররাও ছিলেন। তাছাড়া আমার কাছে বিল্ডিং প্ল্যানের যে কাগজ এসেছে, সেখানে আধিকারিকদের সই ছিল বলে জানান তিনি। এই ঘটনার জেরে মন্ত্রী শংকর ঘোষ সতর্ক করলেন সাধারণ মানুষদের। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া কেউ যেন ফ্ল্যাট না কেনেন, এমনটাই জানালেন পর্যটন মন্ত্রী।