Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঙ্গেয় ডলফিন ঘিরে পর্যটনশিল্প গড়ে উঠছে কাটোয়ায়

গাঙ্গেয় ডলফিন বা শুশুক ঘিরে কাটোয়ায় পর্যটনশিল্প গড়ে উঠছে। ভাগীরথীর তীরে বিভিন্ন রিসর্ট হচ্ছে।

গাঙ্গেয় ডলফিন ঘিরে পর্যটনশিল্প গড়ে উঠছে কাটোয়ায়
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: গাঙ্গেয় ডলফিন বা শুশুক ঘিরে কাটোয়ায় পর্যটনশিল্প গড়ে উঠছে। ভাগীরথীর তীরে বিভিন্ন রিসর্ট হচ্ছে। ডলফিন দেখতে রাজ্যের নানা প্রান্ত থেকে পর্যটকরা কাটোয়ায় আসছেন। ভাগীরথীতে নৌকাবিহার করে গাঙ্গেয় ডলফিন ও অন্য জলজ প্রাণী দেখছেন তাঁরা। বিশেষত উইক এন্ডের ছুটিতে ভালোই ভিড় হচ্ছে।

Advertisement

কাটোয়া শহর ঘেঁষে ভাগীরথী নদী বয়ে গিয়েছে। শাঁখাইয়ের কাছে অজয় নদ এসে ভাগীরথীতে মিশেছে। মোহনা হওয়ায় এই এলাকায় মাছের জন্য অনেক শুশুক বিচরণ করে। সেইসঙ্গে কেতুগ্রাম-২ ব্লকের কল্যাণপুর থেকে পূর্বস্থলী-২ ব্লকের পাটুলি পর্যন্ত ভাগীরথীর প্রায় ৩০কিমি এলাকাজুড়ে গাঙ্গেয় ডলফিনের দেখা মেলে। কাটোয়ার শাঁখাইঘাট এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই নদীতে ডলফিন খেলে বেড়াতে দেখা যায়। বনদপ্তরও শুশুক সংরক্ষণে জোর দিচ্ছে। গাঙ্গেয় ডলফিন বাঁচাতে বিস্তর গবেষণা চলছে।
কাটোয়া লাগোয়া নয়াচরে ডলফিনকে কেন্দ্র করেই রিসর্ট গড়ে উঠেছে। সেখানে ছুটি কাটাতে ও ডলফিন দেখতে বহু পর্যটক আসছেন। তাঁরা ডলফিন দেখে ছবিও তোলেন। সেইসঙ্গে পর্যটকদের কচ্ছপ, ঘড়িয়াল, একাধিক পাখি ও অন্য প্রাণীও দেখানো হয়। অনেকেই পর্যটকদের গঙ্গাবক্ষে নৌকাবিহার করিয়ে সংসার চালান। রাতের দিকে ভাগীরথীর বুকের বিভিন্ন চরে নাইট সাফারিও চলে।
কেতুগ্রামের বেলুন গ্রামেও একটি রিসর্ট গড়ে উঠেছে। সেখানেও পর্যটকদের মূল আকর্ষণ গাঙ্গেয় ডলফিন। আগামী দিনে কাটোয়ার পর্যটনশিল্পের মানচিত্রে যে গাঙ্গেয় ডলফিন জায়গা করে নিচ্ছে, তা বলাই বাহুল্য। ডলফিনকে কেন্দ্র করে বনদপ্তরও পর্যটনকেন্দ্র গড়তে উদ্যোগী হয়েছে। কাটোয়া এলাকা এখন ডলফিনের শহর বলা যেতে পারে। এখানেই ডলফিন সংরক্ষণ কেন্দ্র রয়েছে। পর্যটকরা যাতে গাঙ্গেয় ডলফিন দেখতে পারেন, সেজন্য বনদপ্তরও ব্যবস্থা নেবে। কাটোয়ার রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, কাটোয়ায় ডলফিনকে নিয়ে আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে।
তবে বাসিন্দারা জানান, ডলফিন সংরক্ষণ কেন্দ্রে প্রায়ই ডলফিনের মৃত্যু ঘটে। বিষয়টি নিয়ে আরও সচেতন হতে হবে। এই জলজ প্রাণী সংখ্যায় কমে গেলে পর্যটনও সঙ্কটে পড়বে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ