Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটি ঘোষপাড়া রোডে আজ থেকে টোটো বন্ধ

শ্যামনগর, কাঁকিনাড়া বাজার, ভাটপাড়ার মতো এবার নৈহাটিতেও ব্যস্ততম ঘোষপাড়া রোডে টোটো চলাচল বন্ধ হচ্ছে।

নৈহাটি ঘোষপাড়া রোডে আজ থেকে টোটো বন্ধ
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগর, কাঁকিনাড়া বাজার, ভাটপাড়ার মতো এবার নৈহাটিতেও ব্যস্ততম ঘোষপাড়া রোডে টোটো চলাচল বন্ধ হচ্ছে। আজ, মঙ্গলবার নৈহাটির গোরুর ফাঁড়ি থেকে ৭৩ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হল। সোমবার নৈহাটির ঘোষপাড়া রোডের রামকৃষ্ণ মোড়ে একটি ট্রাফিক বুথের উদ্বোধন করেন বারাকপুরের ডি সি (ট্রাফিক) রাজ নারায়ণ মুখোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ব্যস্ত রাস্তাগুলিতে টোটো চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আমরা নৈহাটির ঘোষপাড়া রোডে টোটো নিষিদ্ধ করছি। আজ মঙ্গলবার থেকে মূল রাস্তায় টোটো চলবে না, তবে আমরা বিকল্প রাস্তা বেছে দিয়েছি। এছাড়া গোরুর ফাঁড়ি থেকে নৈহাটির ৭৩ নম্বর বাস স্ট্যান্ডের মধ্যে কয়েকটি ক্রসিং পয়েন্টে টোটো রাস্তা ক্রস করবে। বারাকপুরের ডিসি (ট্রাফিক) আরও বলেন, আগামী দিনে হালিশহর ও কাঁচরাপাড়াতেও ঘোষপাড়া রোডে টোটো নিয়ন্ত্রণ করব। মূলত যানজট ও দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। শুধুমাত্র ইমারজেন্সি ক্ষেত্রে ওই রাস্তায় টোটো চলাচলের অনুমতি দেওয়া হবে। কাঁপা ট্রাফিক গার্ডের আধিকারিক কুতুবুদ্দিন বখতিয়ার জানান, বিগত ১০-১২ দিন ধরে নৈহাটির বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে টোটো চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা প্রচার করা হচ্ছে। যে যে রাস্তা চিহ্নিত করা হয়েছে সেখান দিয়েই টোটো চলাচল করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ