Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত সালকিয়া থেকে বেলুড় রুটের টোটো বন্ধ

রাস্তা বেহাল, তা মেরামত না হওয়া পর্যন্ত উত্তর হাওড়ার সালকিয়া থেকে বেলুড় অবধি টোটো চলাচল বন্ধ থাকবে

রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত সালকিয়া থেকে বেলুড় রুটের টোটো বন্ধ
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তা বেহাল, তা মেরামত না হওয়া পর্যন্ত উত্তর হাওড়ার সালকিয়া থেকে বেলুড় অবধি টোটো চলাচল বন্ধ থাকবে। গোলাবাড়ি ট্রাফিক পুলিশের এই নির্দেশের পর জিটি রোডের ওই এলাকায় টোটো চলাচলে কড়াকড়ি শুরু হয়েছে। অন্যদিকে, গত দু’দিনের মতো বৃহস্পতিবারও কাজিপাড়া ও বঙ্গবাসীর মধ্যে কোনো টোটোকে জিটি রোডে উঠতে দেওয়া হয়নি। সব মিলিয়ে ট্রাফিক পুলিশের ব্যাপক নজরদারি দেখা গিয়েছে। প্রশাসনের যুক্তি, উত্তর হাওড়ার রাস্তার বেহাল দশার কারণেই সালকিয়া থেকে বেলুড় পর্যন্ত টোটো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। তবে কবে রাস্তা সারাইয়ের কাজ শেষ হবে, তার নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। প্রশাসনের স্পষ্ট অবস্থান, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত টোটো চলবে না। তবে টোটোচালকদের বড়ো অংশের দাবি, শুধু রাস্তার বেহাল দশাই এই সিদ্ধান্তের কারণ নয়। তাঁদের ধারণা, জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কেও টোটো চলাচল বন্ধ করবে প্রশাসন। আসলে পরিবহণ দপ্তরের নির্দেশিকার প্রেক্ষিতেই প্রশাসন উত্তর হাওড়ায় এমন পদক্ষেপ করেছে। সেই নির্দেশিকার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়ছে বলেই তাঁদের দাবি। হঠাৎ অনির্দিষ্টকালের জন্য টোটো বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন কয়েকশো চালক। তাঁদের প্রশ্ন, ‘টোটো বন্ধ থাকলে পরিবার নিয়ে খাব কী?’ বিকল্প রুটিরুজির ব্যবস্থা না হওয়ায় উদ্বেগ বাড়ছে। একইসঙ্গে টোটো বন্ধ থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে। ফলে রাস্তা সারাইয়ের পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা ও চালকদের বিকল্প ব্যবস্থা নিয়েও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ