Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ দ্বিতীয় ওয়ান ডে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, কোহলি-গিলের দুরন্ত ফর্মই ভরসা জোগাচ্ছে টিম ইন্ডিয়াকে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে অনায়াসেই জিতেছে ভারত। নেপথ্যে বিরাট কোহলি ও শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরি

আজ দ্বিতীয় ওয়ান ডে  প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, কোহলি-গিলের দুরন্ত ফর্মই ভরসা জোগাচ্ছে টিম ইন্ডিয়াকে
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে অনায়াসেই জিতেছে ভারত। নেপথ্যে বিরাট কোহলি ও শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরি। তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। বুধবার বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গিল বাহিনীর কাছে সিরিজ জয়ের হাতছানি। আর কামব্যাকের আশায় ক্যারিবিয়ানরাও।

Advertisement

আগামী বছর আফ্রিকায় আয়োজিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তিনি ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে চাইছেন। এমনিতেই শ্রেয়স আয়াররা এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে এই মুহূর্তে জাপানে। ফলে বুমরাহর মতো তারকা পেসারের অভাব স্পষ্ট। গত ম্যাচে ভারতীয় পেস আক্রমণ মোটেও পাতে দেওয়ার মতো ছিল না। সিরাজকে রিজার্ভে রেখে দল সাজিয়েছিলেন কোচ। প্রসিদ্ধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডিকে দিয়ে নতুন বল ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছিল ব্যুমেরাং। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটিং দ্রুত রান যোগ করেছিল। পরে দিকে স্পিনার কুলদীপ যাদব হাল না ধরলে চাপ বাড়ত ভারতের উপর। তাই দ্বিতীয় একদিনের ম্যাচে বোলিং চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু হাতে বিকল্প নেই। হার্দিক পান্ডিয়া এখনও ফিট নন। তাই অভাবের সংসারে সিরাজ, প্রসিদ্ধ নীতীশ কিংবা গুরনুরের উপরেই ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামেও রানোৎসবের প্রবল সম্ভাবনা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই ভেন্যুতে হওয়া দুটো ম্যাচেই তিনশোর উপর রান উঠেছে। তাই রোহিত, গিল, কোহলির মতো তারকাদের ব্যাট ফের ঝলসে ওঠার সম্ভাবনা প্রবল। পরের দিকে ঋতুরাজ গায়াকোয়াড়, লোকেশ রাহুল, নমন ধীর রয়েছেন। অলরাউন্ডার নীতীশ ও জাদেজাও ভালো ব্যাটার। সব মিলিয়ে ক্যারিবিয়ান বোলারদের কাজটা বেশ কঠিন।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের অবশ্য হারানোর কিছু নেই। শেষবার তারা ভারতে ওয়ান ডে সিরিজ জিতেছিল ২৪ বছর আগে। এবার খরা কাটানোর যে আশার বাণী কোচ ড্যারেন স্যামির গলায় শোনা গিয়েছিল, প্রথম ম্যাচের পর তা অনেকটাই আষাঢ়ে গল্পের মতোই লেগেছে। তবে খেলার নাম ক্রিকেট, তাই না আঁচালে বিশ্বাস নেই। পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলার সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনেও। সেক্ষেত্রে তাঁদের ব্যাটিং ও বোলিংয়ে আরও ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে।
 খেলা শুরু দুপুর দুটোয়। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ