নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবির জন্মভিটে জোড়াসাঁকো, শান্তিনিকেতন বা বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও ছোট-বড় নানা সংগঠনের পক্ষ থেকে দিনটি পালিত হবে। রাজ্য সরকারের উদোগে আজ, রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলার বিশিষ্ট শিল্পীরা। এছাড়াও নানা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরি, বৃক্ষরোপণ, গ্রন্থপ্রকাশ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন সংশোধানাগারেও পালিত হবে রবীন্দ্র জয়ন্তী। এছাড়া রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, একতারা মুক্তমঞ্চ, বাংলা অ্যাকাডেমি সভাঘর ও অবনীন্দ্র সভাঘরের মতো বিভিন্ন স্থানে ১০‑২৪ মে চলবে কবিপক্ষের নানা অনুষ্ঠান। এছাড়াও কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় ‘ভারত পরিক্রমায় রবীন্দ্রনাথ’ এই শিরোনামে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ওই প্রদশর্নী চলবে ৯‑২৪ মে, রোজ বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত।



