উৎসবের সাজে অপরূপা হয়ে উঠলেন দুই অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং মানালী মনীষা দে। পুজোয় শাড়িই তাঁদের প্রথম পছন্দ।
উৎসবের সাজে অপরূপা হয়ে উঠলেন দুই অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং মানালী মনীষা দে। পুজোয় শাড়িই তাঁদের প্রথম পছন্দ।
ষষ্ঠী থেকে দশমী— সবরকম পরিকল্পনা তৈরি। শেষ মুহূর্তে কী কী মনে রাখবেন?
• মহাপঞ্চমীর সকাল। ঘুম ভেঙেছে ঢাকের শব্দে। পুজোয় নানা পরিকল্পনা। কোনওদিন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফেরা হবে রাত করে। কোনওদিন বা সকালের দিকে ভিড় এড়িয়ে বাড়ির বয়স্কদের নিয়ে বেরতে হবে। এত ছোটাছুটির মধ্যে নিজেকে সতেজ রাখা কিন্তু বড় চ্যালেঞ্জ। শরীর, মন ভালো রাখতে হবে। তবেই আপনার সাজবাহার হবে খোলতাই।
চটজলদি সাজ > > >
আয়নায় নিজের ক্লান্ত মুখ দেখতে কি কারও ভালো লাগে? তাই ব্যাগে কয়েকটা জিনিস নিয়ে পুজোয় বেরন। রেস্তরাঁ হোক বা শপিং মলের ওয়াশরুম— সুযোগ পেলেই টাচআপ করে নিন। ব্যাগে রাখুন ফেস ওয়াশ, ক্রিম, কাজল, লিপগ্লস, লিপস্টিক, হালকা টোনার বা ময়েশ্চারাইজার। পারফিউম নিতেই হবে। আর ওয়েট ওয়াইপের বাক্স রাখুন ব্যাগে। টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে কাজল, লিপস্টিক তুলে ফেলুন। এরপর হালকা টোনার বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আঙুলের ডগায় একফোঁটা ক্রিম নিয়ে মুখে লাগিয়ে নিন। সঙ্গে কাজল, লিপগ্লস দিলেই সাজ কমপ্লিট। পারফিউম লাগাতে ভুলবেন না। ব্যাগে রাখুন টিপের পাতা। সকাল, সন্ধের লুক বদলে ফেলতে টিপ হাতিয়ার হতে পারে।
পোশাকের ভোলবদল > > >
শাড়ি পরলে ব্যাগে অতিরিক্ত ব্লাউজ বা শার্ট ক্যারি করুন। কনট্রাস্ট হলেই ভালো মানাবে। শাড়ি সঠিক ভাবে পিন করার জন্য বাহারি ব্রোচ হোক বা সাধারণ সেফটিপিন ব্যাগে রাখা ভালো। অতিরিক্ত কিছু গয়নাও রাখুন ব্যাগে। সকালে ঝুমকো পরলে বিকেলে শুধু হাতের বড় স্টেটমেন্ট আংটিতে নজর থাকুক।
মুশকিল আসান > > >
নতুন জামার সঙ্গে নতুন জুতো না হলে পুজোর আনন্দ যেন ষোলআনা হয়ে ওঠে না। নতুন জুতোর সঙ্গে ফাউ হিসেবে পাবেন পায়ের ফোসকা। তাও তো সামাল দিতে হবে! ব্যাগে রাখুন ব্যান্ডেড। যাতে ফোসকার বিপদ কাটিয়ে উঠতে পারেন সহজেই। অ্যান্টাসিড, জ্বর, গা গোলানো সহ সাধারণ কিছু প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন। সঙ্গে থাক জলের বোতলও।
টুকিটাকি > > >
রুমাল, চশমা, ছাতা, ঘড়ি— সারা বছর টুকিটাকির লিস্টে এরা থাকবেই। পুজোতেই বা বাদ যাবে কেন? ব্যাগে কিছু শুকনো খাবার রাখুন। দীর্ঘ জ্যামজটে বাস বা গাড়িতে বসে মুখে চালানো করতে পারেন।
চেকলিস্ট > > >
কোনও জিনিস ডেলিভারির ডেট থাকলে সেখানে একবার খোঁজ করে নিন আজই। আপদকালীন সব নম্বর একটি নির্দিষ্ট জায়গায় নোট করে রাখুন। শারদ আলো গায়ে মেখে নেওয়ার এই সময়টা বড় মূল্যবান। আনন্দ আয়োজনে যেন কোনও ত্রুটি না থাকে। ------ স্বরলিপি ভট্টাচার্য