Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ আফগানদের সামনে হংকং

বহু টালবাহানার পর আজ শুরু এশিয়া কাপ। টি-২০ ফরম্যাটে এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারত

আজ আফগানদের সামনে হংকং
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: বহু টালবাহানার পর আজ শুরু এশিয়া কাপ। টি-২০ ফরম্যাটে এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারত। তবে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং পাকিস্তানও তাল ঠুকছে। মোট আটটি দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। চারটি করে দলকে নিয়ে হয়েছে দু’টি গ্রুপ। ভারতের সঙ্গে এ গ্রুপে আছে পাকিস্তান, আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ‘বি’ গ্রুপে লড়াই অনেক বেশি কঠিন। আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে হংকং। একটা গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সুপার ফোরে। প্রত্যেকে খেলবে একে অপরের বিরুদ্ধে। ফাইনাল ২৮ অক্টোবর। 

Advertisement

প্রতিযোগিতার ইতিহাস বলছে খেতাবি দৌড়ে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ম্যাচের ফল মুহূর্তে বদলে যেতে পারে। সেই কারণেই আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তানও ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে। এশিয়া কাপ মানেই ভারত-পাক মহারণ ঘিরে বাড়তি উত্তেজনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ বাইশ গজে দুই দেশের লড়াইয়ে আরও বারুদ যোগ করেছে।  ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। তবে দুই দল তার আগে গা ঘামিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। ১০ সেপ্টেম্বর সূর্যরা খেলবেন আরব আমিরশাহির বিরুদ্ধে। আর পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে খেলবে ১২ সেপ্টেম্বর।
মঙ্গলবার প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-হংকং। সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে কাবুলিওয়ালার দেশ। সম্প্রতি তারা ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে। তবে ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে রশিদ খানের আফগানিস্তানকে। ভুল শুধরে তাঁরা এশিয়া কাপে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া। আফগানিস্তানের ব্যাটিংয়ে বড় ভরসা ওপেনার গুরবাজ, ইব্রাহিম জাদরান, ওমারজাই। অলরাউন্ডার নবি, রশিদ খানও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। হংকংয়ের কাছে এই টুর্নামেন্ট অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ। 
 ম্যাচ শুরু রাত আটটায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ