Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নববর্ষে বাঙালি আবেগ ছুঁতে খড়্গপুরে প্রদীপের মিছিলে কবিগুরু, বিজেপির খোল-করতাল

সাম্প্রতিক সময়ে গেরুয়া রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের কারণে প্রবল চাপে বঙ্গ বিজেপি। ভোট চাইতে গিয়ে বাঙালি অস্মিতা ইস্যুতে বিপাকে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

নববর্ষে বাঙালি আবেগ ছুঁতে খড়্গপুরে প্রদীপের মিছিলে কবিগুরু, বিজেপির খোল-করতাল
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: সাম্প্রতিক সময়ে গেরুয়া রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের কারণে প্রবল চাপে বঙ্গ বিজেপি। ভোট চাইতে গিয়ে বাঙালি অস্মিতা ইস্যুতে বিপাকে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের। চাপের মুখেই এবার বাঙালি আবেগ আঁকড়ে ধরার চেষ্টা খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বুধবার, পয়লা বৈশাখ উপলক্ষ্যে বিজেপির মহিলা কর্মীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। তাতে পা মেলান দলীয় প্রার্থী দিলীপ ঘোষ। যদিও, এই শোভাযাত্রার নাম দেওয়া হয় ‘পরিবর্তন শোভাযাত্রা’। খড়্গপুর কলেজ থেকে ইন্দা মোড় পর্যন্ত হওয়া এই শোভাযাত্রায় খোল-করতালের বোল আর কীর্তনের সুরে তাল মিলিয়ে নাচতে দেখা যায় দিলীপ ঘোষকে। শোভাযাত্রা শেষে ইন্দাতে একটি পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেখানে দিলীপ ঘোষ বলেন, আমরা বাঙালি। মাছ-ভাত খাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি এলে বাংলায় মাছ বন্ধ হয়ে যাবে। তা কখনও হবে না। মাছ উৎপাদনে বাংলা প্রথম হবে। আর এখন মাছ আনতে হয় অন্ধ্রপ্রদেশ থেকে।

Advertisement

অন্যদিকে, পয়লা বৈশাখের সকালে নিজের ৬ নং ওয়ার্ডের ভবানীপুরে বর্ণাঢ্য প্রভাতফেরিতে অংশ নেন তৃণমূল প্রার্থী তথা স্থানীয় কাউন্সিলার প্রদীপ সরকার। প্রদীপের হাতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। মাইকে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। গানের তালে তাল মিলিয়ে অসংখ্য মানুষ এই সুসজ্জিত প্রভাতফেরিতে পা মেলান। ৬ নং ওয়ার্ডের মহিলারাই এই শোভাযাত্রার আয়োজন করেন। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। প্রদীপ সরকার বলেন, ভোট উপলক্ষ্যে আমাদের বাঙালি সাজতে হয় না। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস বা রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবেও ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। আর ওরা বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘৃণা করে। বাংলায় কথা বললে অত্যাচারিত হতে হয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বুধবার, পয়লা বৈশাখের দিনই প্রদীপ সরকার খড়্গপুর সদরের উন্নয়নে পাঁচ অঙ্গীকার বা প্রতিজ্ঞা করেন। প্রদীপ জানিয়েছেন, দূষণমুক্ত খড়্গপুর উপহার দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। এছাড়াও, শহরকে ধূলিকণা ও আবর্জনা মুক্ত রাখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দেন তিনি। শহরে ‘গ্রিন বাফার জোন’ ও উন্নত জলাধার তৈরির অঙ্গীকারও করেছেন তৃণমূল প্রার্থী। শহরের দূষণ নিয়ন্ত্রণে বিজেপির প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ ও বিদায়ী বিধায়ক হিরণ কোনো কাজ করেননি বলে কটাক্ষ প্রদীপের। পাল্টা পুরসভা ও প্রশাসনকেই দূষণের জন্য দায়ী করছেন দিলীপ ঘোষ।  তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ