নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফসল কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকে খড়, নাড়া বা গাছের বাকি অংশ। কৃষকরা অনেক সময় সেগুলি জমিতেই পুড়িয়ে দেন। সেই ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়। ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে। বিশেষ করে শীতকালে এই ধোঁয়ার কারণে বায়ুদূষণ বাড়ে। মানুষের শ্বাসকষ্ট ছাড়াও নানা সমস্যা দেখা দেয়। এই দূষণ কমাতে এবার উদ্যোগী হল রাজ্যের কৃষিদপ্তর। জমিতে পড়ে থাকা ফসলের গাছের অবশিষ্টাংশ কাজে লাগানোর জন্য বিশেষ কৃষিযন্ত্র কেনায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ভরতুকি দেবে তারা।
রাজ্যের তরফে জানানো হয়েছে, স্ট্র রেকার, স্ট্র বেলার সহ বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র কেনার জন্য এই ভরতুকি মিলবে। তবে ভরতুকির সর্বোচ্চ পরিমাণ হবে ৩ লক্ষ ২০ হাজার টাকা। শুধু ব্যক্তিগতভাবে কোনো কৃষক নন, কৃষি উৎপাদক সংস্থা, সমবায় সমিতি, কৃষিযন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র এবং কৃষি উদ্যোগীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। ২৭ নভেম্বর সকাল ১১টা থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত https://wbfms.wb.gov.in পোর্টালে আবেদন করা যাবে। নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। আবেদনগুলি যাচাই করার পর যোগ্য আবেদনকারীদের তালিকা তৈরি হবে। তারপর ভরতুকি বাবদ টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কৃষিদপ্তরের আশা, এই উদ্যোগে কৃষকরা জমিতে পড়ে থাকা খড়, নাড়া ইত্যাদি না পুড়িয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। ফলে একদিকে যেমন কৃষকদের সুবিধা হবে, তেমনই কমবে বায়ুদূষণ।



