সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল ২ ব্লকের তিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকায় সাতটি শ্রেণিকক্ষের উদ্বোধন হল শনিবার। নবনির্মিত শ্রেণি কক্ষগুলির উদ্বোধনে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও জেলা পরিষদের সদস্য রেহানা পারভিন। সমগ্র শিক্ষা মিশনের তহবিল থেকে ক্ষেমপুর ম্যানেজমেন্ট প্রাইমারি স্কুলে ৩ টি, চান্দুয়া দামাইপুর হাইমাদ্রাসায় ২ টি ও অনুপনগর জুনিয়র বেসিক স্কুলে ২ টি শ্রেণিকক্ষ তৈরি হয়েছে। পাশাপাশি কইমারি গ্রামে গ্রামোন্নয়ন দপ্তরের তহবিল থেকে একটি পাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বিডিও বলেন, প্রকল্পগুলিতে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে।



