Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলের ব্লক সভাপতিকে বেধড়ক মারধর বিজেপির

তৃণমূলের ব্লক সভাপতিকে বেধড়ক মারধর বিজেপির
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জেতার পর তৃণমূলের ব্লক সভাপতিকে বেধড়ক পেটাল বিজেপির লোকজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নন্দীগ্রাম বাজারে মিছিল করে তৃণমূল কংগ্রেস। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দেয়। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
Advertisement
রবিবার নন্দীগ্রাম-১ ব্লকের অন্তর্গত কাণ্ডপসরা বাড় কাণ্ডপসরা সমবায় সমিতির নির্বাচন ছিল। কুলতলা বালিকা বিদ্যাপীঠে ভোট ছিল। তৃণমূল, বিজেপি এবং সিপিএম ত্রিমুখী লড়াই হয়। বিকেল ৩টের মধ্যেই ফল ঘোষণা হয়। মোট ১২টি আসনের মধ্যে তৃণমূল চারটি এবং বিজেপি আটটি আসনে জয়ী হয়। ভোটের ফল প্রকাশের পর যে যার বাড়ির উদ্দেশে রওনা দেন। অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দেওয়ার সময় আচমকা তাঁর উপর বিজেপির কর্মীরা হামলা চালায়। বিরোধী দলনেতার নিজের বুথে সমবায় নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন বলতেই তাঁর উপর রে রে করে চড়াও হয় বিজেপির লোকজন। মাটিতে ফেলে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সমবায় সমিতির মোট ১২টি আসনের মধ্যে ১১টি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে। নন্দীগ্রাম পঞ্চায়েতের নন্দনায়কবাড় এলাকা নিয়ে একটি আসন। বিজেপির আটটি আসনে জিতলেও বিরোধী দলনেতার নিজের বুথ নন্দনায়ক বাড়ে দু’ভোটে পরাজিত হয়েছে। ওই বুথে হেরে যাওয়ায় বিজেপির কর্মীরা মনমরা হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের সামনে নন্দনায়কবাড় বুথে তৃণমূলের জেতার প্রসঙ্গ আনতেই কাটা ঘায়ে নুন ছিটে পড়ে। বিজেপির কর্মীরা ব্লক তৃণমূল সভাপতিকে মাটিতে ফেলে মারধর করে গায়ের ঝাল মিটিয়ে নেয়।
তৃণমূল কংগ্রেস নেতা তথা এদিনের জয়ী প্রার্থী অরূপ গোল বলেন, আমরা চারটি এবং বিজেপি আটটি আসনে জয়ী হয়। আমরা নন্দনায়কবাড় বুথে দুই ভোটে জয়ী হয়েছি। এটাই বিজেপির গাত্রদাহের কারণ। ওরা ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্যকে মাটিতে ফেলে বেদম মারধর করেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম বাজারে মিছিল করেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ভোটগ্রহণ এবং গণনা সবটাই নির্বিঘ্নে হয়েছে। ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হিংসায় প্ররোচনা দেওয়া হয়েছে। 
সম্পর্কিত সংবাদ