Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরোধিতা, রাস্তার কাজ বন্ধ

তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরোধিতা, রাস্তার কাজ বন্ধ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: দলেরই এক পঞ্চায়েত সদস্যের বিরোধিতায় এলাকা উন্নয়নে রাস্তা তৈরির কাজ করতে পারছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত।  রাস্তা তৈরির কাজে শুধু বিরোধিতাই নয়, শিলান্যাস অনুষ্ঠানে গুন্ডামি করে প্রকল্প আটকে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পোড়াঝারের ১০৬ নম্বর পার্টে।
Advertisement
পঞ্চায়েত সমিতির সদস্য মঞ্জু মণ্ডল সরকার বলেন, একটি ১৫০ মিটার রাস্তা তৈরির অনুমোদন পাওয়ার পর গত অক্টোবরে সেই কাজের শিলান্যাস অনুষ্ঠান ছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান, জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্য ও বিশিষ্টজনেরা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হঠাৎই এলাকার পঞ্চায়েত সদস্য আমাদের দলেরই শরৎ মণ্ডল তাঁর দলবল নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান ভেস্তে দেন। অনেককে মারধর করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরাও পুলিসে পাল্টা অভিযোগ দায়ের করেন। কিন্তু এই রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার প্রকৃত কারণ আমার জানা নেই।
মঞ্জু মণ্ডল আরও বলেন, জেলা পরিষদ থেকে অনুমোদনের পর এলাকার পঞ্চায়েত আমাকে অনুরোধ করেছিলেন এই কাজ অন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। এব্যাপারে আমি বিডিও’র সঙ্গে কথাও বলেছিলাম। তিনি জানিয়েছিলেন অনুমোদন ও ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পর এই কাজ অন্যদিকে সরানো সম্ভব নয়।
এদিকে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীতা রায় চক্রবর্তী বলেন, এলাকার পঞ্চায়েত সদস্য শরৎ মণ্ডলের নেতৃত্বে একদল লোক শিলান্যাস অনুষ্ঠান ভেস্তে দিয়ে রাস্তা তৈরির কাজ আটকে দিয়েছে। শরৎ মণ্ডলের বক্তব্য রাস্তাটি যেখান দিয়ে হবে তার পাশে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি রয়েছে। তাই ওখানে রাস্তা করা যাবে না। কিন্তু আমাদের দলের নীতি উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির রং না দেখা। তাই রাস্তা ওখান থেকে সরানো হয়নি। তাতে তিনি ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালিয়ে শিলান্যাস অনুষ্ঠান ভেস্তে দেন। গোটা বিষয়টি রাজগঞ্জ ব্লকের বিডিওর কাছে জানানো হয়েছে। তিনি এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পঞ্চায়েত সদস্য শরৎ মণ্ডলের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছটপুজো নিয়ে ব্যস্ত রয়েছি। এখন কথা বলতে পারব না।
সম্পর্কিত সংবাদ