Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১৭মাস পর জেলায় ঢোকার অনুমতি নন্দীগ্রামের ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর

ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় ১৭মাস পর জেলায় ঢোকার ছাড়পত্র পেলেন ১৩জন তৃণমূল নেতা-কর্মী।

১৭মাস পর জেলায় ঢোকার অনুমতি নন্দীগ্রামের ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় ১৭মাস পর জেলায় ঢোকার ছাড়পত্র পেলেন ১৩জন তৃণমূল নেতা-কর্মী। ওই নেতা-কর্মীদের মধ্যে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সদস্য শেখ সাহাবুদ্দিন, মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান শেখ হাবিবুল, নন্দীগ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ বাইতুল্লা প্রমুখ আছেন। উল্লেখ্য, ২০২১সালে ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রাম-১ ব্লকের চিল্লগ্রামে খুন হন বিজেপি কর্মী দেবব্রত মাইতি। সেই খুনের ঘটনায় সিবিআই তদন্তভার পেয়েছিল। জিজ্ঞাসাবাদ করার জন্য হলদিয়ায় ডেকে একসঙ্গে ন’জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরবর্তীতে আরও চারজন গ্রেপ্তার হন। মোট ১৭মাস জেল খাটার পর ২০২৩সালে অক্টোবর মাসে ধৃত নেতা-কর্মীরা জামিন পান।

Advertisement

জামিন পাওয়ার পর বাদীপক্ষ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়। ওই মামলায় হাইকোর্ট জামিন পাওয়া ১৩জন তৃণমূল নেতা-কর্মীকে জেলায় ঢোকার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। টানা ১৭মাস তাঁরা জেলার বাইরে ছিলেন। সোমবার ওই মামলায় হাইকোর্ট অভিযুক্তদের জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে। এর ফলে ১৭মাস পর অভিযুক্ত নেতা-কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলায় ঢোকার ছাড়পত্র পেলেন।তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিন বলেন, সত্যের জয় হল। আমাদের জামিন খারিজ করে ফের হেফাজতে নেওয়ার জন্য বাদীপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় আদালত আমাদের জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা খারিজ করেছে। এর ফলে ১৭মাস পর আমরা যে যার বাড়িতে ফিরতে পারব। পরিবারের সঙ্গে থাকতে পারব।

Advertisement
সম্পর্কিত সংবাদ