Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিজয়া সম্মিলনি, রামনগরের ৩ তৃণমূল নেতাকে শোকজ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের ব্যানারে বিজয়া সম্মিলনি করায় রামনগর বিধানসভার তিনজন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে শোকজ করা হল।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিজয়া সম্মিলনি, রামনগরের ৩ তৃণমূল নেতাকে শোকজ
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের ব্যানারে বিজয়া সম্মিলনি করায় রামনগর বিধানসভার তিনজন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে শোকজ করা হল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে শুক্রবার জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা ওই নেতাদের শোকজ করেছেন। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শো-কজ হওয়া তিন নেতা হলেন জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র, রামনগর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক ও পদিমা-২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র। তাঁরা প্রত্যে঩কেই রামনগরের বিধায়ক অখিল গিরির বিরোধী ও সভাধিপতি উত্তম বারিকের ঘনিষ্ঠ বলে পরিচিত।

Advertisement

রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে। ২০২৪ সালে লোকসভা ভোটের সময় সেটা আরও তীব্র হয়েছে। সম্প্রতি ব্লক সভাপতি পদে রদবদল হয়েছে। তাতে রামনগর-১ ও ২ ব্লকের সভাপতি হিসেবে বিধায়ক অখিল গিরি ঘনিষ্ঠরাই পদ পেয়েছেন। এই অবস্থায় দলের নির্দেশে বিজয়া সম্মিলনির আগে ৭ অক্টোবর দীঘা বাইপাসে রামনগর-১ ও ২ ব্লকে অখিল গিরি বিরোধী শিবির বিজয়া সম্মিলনির ডাক দেয়। তাতে রামনগর-১ ব্লক থেকে কনভেনর হন পদিমা-২ পঞ্চায়েত প্রধান সুশান্তবাবু। আর রামনগর-২ ব্লকের কনভেনর হন তমালতরুবাবু। রামনগর-১ ও ২ ব্লক তৃণমূলের উদ্যোগে ওই বিজয়া সম্মিলনির হবে বলে প্রচার করা হয়েছিল। যদিও বিধায়ক শিবিরের পক্ষ থেকে এনিয়ে রাজ্য নেতৃত্বের কাছে আপত্তি জানানো হয়। কারণ, দলের পক্ষ থেকে কর্মসূচি নিতে শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে। সেই মতো রামনগর-২ ব্লকে ১৫ অক্টোবর এবং রামনগর-১ ব্লকে ১৬ অক্টোবর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তারআগে রামনগর-১ ও ২ ব্লক তৃণমূলের নামে ওই বিজয়া সম্মিলনি ঘিরে বিতর্ক তৈরি হয়।এদিকে ৮ অক্টোবর দীঘা বাইপাস সংলগ্ন সুশান্তবাবুর পানীয় জল ফ্যাক্টরির হলে বিজয়া সম্মিলনি হয়। সেখানে সবচেয়ে বেশি সরব হন রামনগর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। ওই কর্মসূচির ভিডিও নিয়ে ফের রাজ্য নেতৃত্বের কাছে নালিশ জানান। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে নেতাদের একাংশ বিজয়া সম্মিলনি করেছে বলে অভিযোগ জানানো হয়। যদিও সুশান্তবাবুর বক্তব্য, তিনি নিজের জায়গায় ঘরোয়াভাবে বিজয়া সম্মিলনি করেছেন। সেখানে পার্টির কোনও ব্যানার ছিল না। বৃহস্পতিবার রাজ্য থেকে তিন নেতাকে শোকজ করার জন্য কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডার কাছে নির্দেশ আসে। সেইমতো শুক্রবার তিন নেতাকে শোকজ চিঠি ধরানো হয়। ৪৮ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।তমালতরুবাবু বলেন, শুক্রবারই শোকজের জবাব দিয়েছি। রামনগর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিকবাবু বলেন, পার্টির ব্যানার ছাড়াই ওই প্রোগ্রাম হয়েছিল। তারপর শোকজ করা হল কেন জানি না। শনিবার এনিয়ে জবাব দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ