সংবাদদাতা, জঙ্গিপুর: নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে বেওয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের পাট বোঝাই মোটরভ্যান আটক করে পুলিস। সেই খবর পেয়ে ক্ষিপ্ত হন উপপ্রধান। ঘটনাস্থলে এসে কর্তব্যরত পুলিস এএসআইকে চড় মারেন ও তাঁর ইউনিফর্মের কলার ধরে টানাটানি করেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যার নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ের এই ঘটনায় অভিযুক্ত উপপ্রধান তারিকুল শেখকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে শনিবার সকালে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও উপ প্রধানের দাবি, তাঁর ভ্যান আটক করা নিয়ে পুলিসের সঙ্গে দু’এক কথা হয়েছে। গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেনি। এপ্রসঙ্গে ফরাক্কার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, এদিন নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে জাতীয় সড়কে একটি পাট বোঝাই মোটরভ্যান আটক করেন পুলিসের এএসআই তাপস ঘোষ। জাতীয় সড়কে ইঞ্জিন ভ্যান না চালানোর জন্য চালককে সতর্ক করেন। ভবিষ্যতে জাতীয় সড়কে মোটরভ্যান চালাবে না বলে মুচলেকা দিতে বলেন। ভ্যানের চালক বিষয়টি পাটের মালিক বেওয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে জানান। তিনি ঘটনাস্থলে এসে নিজের পরিচয় দিয়ে গাড়ি ছাড়তে বলেন। কর্তব্যরত অফিসার রাজি না হওয়ায় বচসা বাধে। তখনই ওই পুলিস অফিসারকে মারধর করেন বলে অভিযোগ।



