নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি উদ্যোগে কেনা ধান থেকে তৈরি সাড়ে ৫ হাজার টনের বেশি চাল সময়সীমা পেরনোর পরেও রাইস মিলগুলির কাছ থেকে খাদ্যদপ্তর পায়নি। ওই বকেয়া চাল অক্টোবরে মধ্যে আদায় করার জন্য বিভিন্ন জেলাকে নির্দেশ দিয়েছে দপ্তর। দপ্তরের পর্যালোচনা বৈঠকের রিপোর্ট বলছে, পাঁচটি জেলার মোট আটটি মিলের কাছে প্রাপ্য ৫৪৯৪ টন। এই চালের পুরোটাই স্টেট পুলের। এর বাইরে পাওনা রয়েছে সেন্ট্রাল পুলের ৪৫৫ টন চাল। সেন্ট্রাল পুলের চাল দেয়নি পূর্ব বর্ধমানের একটি মিল। একটি মিলের মালিককে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। অনাদায়ি চাল আদায় করার উপর বিশেষ জোর দিয়েছে খাদ্যদপ্তর। চাল অনাদায়ে পুলিশে অভিযোগ দায়ের এবং মিল মালিককে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। চাল না দিলে মিলের ব্যাংক গ্যারান্টিও বাজেয়াপ্ত করবে সরকার। ডিসেম্বর থেকে নতুন ২০২৬-২৭ খরিফ মরশুমে চাষিদের থেকে ধান কেনার কাজ শুরু হবে। তারপর চাল তৈরির উদ্দেশ্যে রাইস মিলগুলির নথিভুক্তি শুরু হয়েছে। এক্ষেত্রে চাল প্রদানে অনিয়মের কারণে কালো তালিকাভুক্ত মিলগুলিকে আর নথিভুক্ত না-করারই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।



