নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর দিনগুলিতে বামপন্থীদের বই বিপণি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামছে নাগরিক সমাজ। আজ, শনিবার বিকেলে কলেজ স্কোয়ারে জমায়েত করে ওই চত্বরেই মিছিল হবে। মিছিলে যাঁরা আসবেন, সকলকে নিজের পছন্দের বই নিয়ে আসতে বলা হয়েছে। এই মিছিলের ডাক দিয়েছেন একঝাঁক শিল্পী, অধ্যাপক, বিশিষ্ট মানুষজন। পাশাপাশি পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ বই বিপণিও শুরু করতে চলেছে সিপিএম।
মিছিলে থাকবে না কোনো স্লোগান, পতাকা। একাধিক টিফো, মনীষীদের ছবি, বইয়ের প্রচ্ছদ হাতে সব বয়সের মানুষজন মিছিলে হাঁটবেন। মিছিলের মধ্যেই প্রতিবাদী গান, কবিতা পাঠ করা হবে। এদিনের মিছিলের ডাক দিয়েছেন পবিত্র সরকার, জহর সরকার, পরান বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বপ্নময় চক্রবর্তী প্রমুখ। মিছিলে হাঁটার কথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। মিছিলের বিষয়ে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, ‘বইপ্রেমীরা মিলে একটি অভিনব উদ্যোগ নিয়েছেন। আমার ধারণা, দেশ দেখেনি এমন মিছিল হবে। কোনো জবাব দাও, করতে হবে—গোছের স্লোগান থাকবে না। গান, কবিতা, নাচের মাধ্যমেই পদযাত্রা হবে। এটা আমাদের পরের প্রজন্মের জন্য।’ ইতিমধ্যেই সমস্ত বামদলের তরফেও এই মিছিলে পা মেলানোর জন্য প্রচার শুরু হয়েছে। শুধু মিছিল নয়, সিপিএমের তরফে ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় ‘বইয়ের হাট’ করার কথা ঘোষণা করা হয়েছে। মূলত, রবিবার দেখে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় এই বইয়ের হাট শুরু হচ্ছে।



